মমতাকে বড় ধাক্কা! পদ ছাড়লেন তৃণমূল বিধায়ক মোশারফ, মুখে শুভেন্দুর প্রশংসা

মমতাকে বড় ধাক্কা! পদ ছাড়লেন তৃণমূল বিধায়ক মোশারফ, মুখে শুভেন্দুর প্রশংসা

ইটাহার: ক্রমশ কোণঠাসা হচ্ছে কালীঘাট। এবার সরাসরি দলের পদ ছাড়ার কথা ঘোষণা করলেন ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন। আর তাঁর এই অভাবনীয় সিদ্ধান্তের জেরেই রাজ্য রাজনীতিতে জোর জল্পনা, তবে কি এবার মমতার পাশ ছেড়ে ঋতব্রত গোষ্ঠীতেই নাম লেখাতে চলেছেন এই দাপুটে নেতা?

রবিবার নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোশারফ স্পষ্ট জানান, ‘ব্যক্তিগত’ কারণেই তিনি আর দলীয় পদে থাকতে চাইছেন না। তাঁর আক্ষেপ, “বর্তমান পরিস্থিতিতে কর্মীদের পাশে দাঁড়াতে পারছি না। এই অবস্থায় পদে থাকা বা না থাকায় আর কী যায় আসে!” পাশাপাশি, সম্প্রতি মক্কা থেকে ফেরার পর তাঁর মায়ের অসুস্থতার কথাও পদত্যাগের অন্যতম কারণ হিসেবে তুলে ধরেন তিনি।

কালীঘাটের অস্বস্তি ও নতুন জল্পনা:

দলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে মোশারফকে রেখেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার রাজনীতিতে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক তৃণমূলের বড় ভরসা হলেও, সাম্প্রতিক সময়ে তাতে ধস নেমেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে মোশারফের মতো নেতার পদত্যাগে কালীঘাট যে প্রবল চাপে পড়ল, তা বলাই বাহুল্য। গত শুক্রবার তাঁকে বিধানসভাতেও দেখা যায়নি।

তবে সবচেয়ে বড় চমকটি এসেছে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে। জল্পনা উসকে দিয়ে ইটাহারের বিধায়ক জানিয়েছেন যে, ইতিমধ্যেই ‘টিম-ঋতব্রত’-র সঙ্গে তাঁর কথাবার্তা হয়েছে। সবশেষে দলের অন্দরের এই টালমাটাল পরিস্থিতির মাঝেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা শোনা যায় মোশারফের মুখে। যা আগামী দিনে বাংলার রাজনৈতিক সমীকরণে নতুন কোনও ঝড়ের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *