লক্ষ লক্ষ কর্মসংস্থানের নয়া দিশা! ‘মেড ইন ইন্ডিয়া’ যুদ্ধজাহাজ নিয়ে বড় বার্তা মোদীর

নয়াদিল্লি: দেশজুড়ে লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে এবার ‘মেড ইন ইন্ডিয়া’ (Made in India) প্রকল্পকেই পাখির চোখ করছে কেন্দ্র। ভারতের নিজস্ব উৎপাদন ক্ষমতা কীভাবে দেশে কর্মসংস্থানের জোয়ার আনবে, তা নিয়ে এক তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী এদিন স্পষ্ট ভাষায় জানান, ভারত এখন আর শুধু ক্রেতা হয়ে থাকতে চায় না, বরং বিশ্বমানের ‘নির্মাতা’ হতে চায়। কারণ নিজস্ব উৎপাদন ক্ষমতা বাড়লেই ভারত বিশ্বমঞ্চে একজন প্রকৃত ‘সিদ্ধান্তপ্রণেতা’ হয়ে উঠতে পারবে।
প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের সাম্প্রতিক ও অভাবনীয় সাফল্যের খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “গত কয়েক বছরে ৪০টিরও বেশি ‘মেড-ইন-ইন্ডিয়া’ যুদ্ধজাহাজ এবং সাবমেরিন ভারতীয় নৌবাহিনীতে সফলভাবে যুক্ত হয়েছে। শুধু তাই নয়, বর্তমানে দেশেই আরও ৪৫টি বড় নৌ-প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। এটি আমাদের শক্তিশালী শিল্প সক্ষমতারই এক জ্বলন্ত প্রমাণ।”
দেশীয় প্রযুক্তিতে প্রতিরক্ষা সরঞ্জামের এই বিপুল উৎপাদনযজ্ঞকে শুধুমাত্র সামরিক শক্তির বিকাশ হিসেবেই দেখছে না কেন্দ্র। মোদীর কথায়, দেশে তৈরি এই নৌ-প্রযুক্তি আগামী দিনে উন্নত ভারতের লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে একটি অন্যতম বড় ইঞ্জিন হিসেবে কাজ করবে।