জল নিয়ে হাহাকার পাকিস্তানে! সিন্ধুর জলবণ্টন ইস্যুতে ভারতকে সরাসরি যুদ্ধের হুমকি

জল নিয়ে হাহাকার পাকিস্তানে! সিন্ধুর জলবণ্টন ইস্যুতে ভারতকে সরাসরি যুদ্ধের হুমকি

ইসলামাবাদ: সিন্ধুর জল বণ্টন নিয়ে এবার ভারত ও পাকিস্তানের মধ্যে ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ। রাষ্ট্রসংঘে সিন্ধু জলচুক্তি নিয়ে ভারত নিজেদের কড়া অবস্থান বজায় রাখতেই চরম ক্ষুব্ধ ইসলামাবাদ। প্রথমে পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো এবং এবার খোদ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়ে বসলেন।

কী চরম হুঁশিয়ারি খাজা আসিফের?

শনিবার পাক সংবাদমাধ্যম ‘এআরওয়াই নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “যখনই আমরা অনুভব করব যে আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে, আমরা নিশ্চিতভাবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। জল আমাদের জাতীয় নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অংশ।” তাঁর হুঁশিয়ারি, ভারত যদি উদ্বেগজনক হারে জল সরবরাহ ব্যাহত করে এবং তার প্রমাণ মেলে, তবে ইসলামাবাদ সামরিক পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করবে।

নিজেদের চরম সঙ্কটের দায় ভারতের ঘাড়ে!

বর্তমানে তীব্র জলকষ্টে ভুগছে পাকিস্তানের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ, বিশেষ করে সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশ। এই ভয়াবহ জলসঙ্কটের দায় নয়াদিল্লির ঘাড়ে চাপিয়ে আসিফের অভিযোগ, ভারত ‘জলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে’ এবং চেনাব (চন্দ্রভাগা) নদীর জলের প্রবাহে কারচুপি করছে। যদিও অবাক করার বিষয় হলো, খোদ পাক প্রতিরক্ষামন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে গত এক বছরের এই সংক্রান্ত কোনও বিশ্বাসযোগ্য বা সাম্প্রতিক তথ্য তাঁর কাছে নেই!

কেন জলচুক্তি স্থগিত রেখেছিল ভারত?

গত বছরের এপ্রিলে কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তানের মদতপুষ্ট ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন নিরীহ পর্যটক। এই বর্বরোচিত ঘটনার কড়া প্রতিক্রিয়া হিসেবেই ১৯৬০ সালের ঐতিহাসিক ‘সিন্ধু জলচুক্তি’ স্থগিত করে দেয় ভারত। এরপর রাষ্ট্রসংঘ-সহ একাধিক আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান বারবার দরবার করলেও ভারত নিজেদের সিদ্ধান্তে অনড়। নয়াদিল্লির স্পষ্ট বার্তা— পাকিস্তান যতদিন না তাদের মাটি থেকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের পরিকাঠামো সম্পূর্ণ ধ্বংস করার জন্য বিশ্বাসযোগ্য পদক্ষেপ করছে, ততদিন এই জলচুক্তি স্থগিতই থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *