রাজ্য বাজেটে কর্মসংস্থানের বন্যা! ১ লক্ষ সরকারি চাকরির ঘোষণা, বয়সে বিরাট ছাড়
June 22, 202612:46 pm
কলকাতা: কর্মসংস্থানে জোর দিয়ে রাজ্য বাজেটে যুগান্তকারী ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সরকারি ক্ষেত্রে একধাক্কায় ১ লক্ষ শূন্যপদ পূরণের পাশাপাশি মহিলা, অগ্নিবীর ও সাধারণ চাকরিপ্রার্থীদের জন্য একগুচ্ছ সুখবর দেওয়া হল এবারের বাজেটে।
বাজেটে নিয়োগ সংক্রান্ত বড় চমক:
- বিপুল নিয়োগ: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে মোট ১ লক্ষ শূন্যপদ পূরণ করা হবে। এর মধ্যে ৫০ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং ২০ হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হবে।
- মহিলা সংরক্ষণ: এই নতুন শূন্যপদগুলির মধ্যে ৩৩ শতাংশ আসন শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।
- বয়সে ছাড়: চাকরিপ্রার্থীদের জন্য একটি বড় স্বস্তির খবর। রাজ্য সরকারে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের ছাড় দেওয়ার কথা বাজেটে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
- অগ্নিবীরদের অগ্রাধিকার: সরকারি নিয়োগের ক্ষেত্রে যেখানে প্রযোজ্য, সেখানে ১০ শতাংশ আসন ‘অগ্নিবীর’-দের জন্য সংরক্ষিত থাকবে।
অন্যান্য গুরুত্বপূর্ণ ঘোষণা:
- প্রশিক্ষণ কেন্দ্র ও স্কুল: নিউটাউনে একটি নতুন ‘সিভিল সার্ভিস ইনস্টিটিউশন’ বা সিভিল সার্ভিসেস প্রশিক্ষণ শিবির তৈরি হবে। এছাড়া, কলকাতায় একটি নতুন সংস্কৃত স্কুল গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
- সিভিল ডিফেন্স ও রিজার্ভ ফোর্স: সিভিল ডিফেন্স কর্মীদের মাসে অন্তত ২০ দিন কাজের নিশ্চয়তা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি, রাজ্য রিজার্ভ ফোর্সে মহিলাদের জন্য ২টি আলাদা ব্যাটালিয়ন তৈরি করা হবে।
- জব কার্ড হোল্ডারদের সুবিধা: রাজ্যে যে সমস্ত জব কার্ড হোল্ডারদের ‘KYC’ সম্পন্ন হয়েছে, তাঁদের জন্য এবার ১০০ দিনের বদলে ১২৫ দিনের কাজের ব্যবস্থা করা হবে।
বাজেটে রাজ্য সরকারের এই বিপুল নিয়োগ ও সুযোগ-সুবিধার ঘোষণায় স্বাভাবিকভাবেই নতুন করে আশায় বুক বাঁধছেন বাংলার লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী।