ইউনেস্কোর নামে চড়া দামে পুজোর টিকিট! হাইকোর্টে সাময়িক স্বস্তিতে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী

ইউনেস্কোর নামে চড়া দামে পুজোর টিকিট! হাইকোর্টে সাময়িক স্বস্তিতে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী

কলকাতা: ইউনেস্কোর (UNESCO) নাম ভাঙিয়ে দুর্গাপুজোর প্রিভিউ শো-এর টিকিট বিক্রির জালিয়াতি মামলায় এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেন। আগাম জামিনের আবেদনে সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চে ওঠে এই মামলা। আপাতত আগামী ২ সপ্তাহ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা হবে না বলে মৌখিকভাবে আশ্বাস দিয়েছে রাজ্য।

ঠিক কী অভিযোগ উঠেছে?

  • প্রাক্তন মন্ত্রী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ইউনেস্কোর নাম ব্যবহার করে বেআইনিভাবে দুর্গাপুজোর প্রিভিউ টিকিটের রমরমা ব্যবসা করেছেন।
  • মন্ত্রীর স্ত্রীর সংস্থা ‘মাস আর্ট’-এর বিরুদ্ধে অভিযোগ, তারা পাস পিছু ৪,০০০ টাকা করে নিয়েছে এবং বিনা অনুমতিতে ইউনেস্কোর লোগো বাণিজ্যিক কাজে ব্যবহার করেছে।
  • এই মর্মে বউবাজার থানায় একটি প্রতারণার এফআইআর (FIR) দায়ের করেন আন্তর্জাতিক পর্যটন সংস্থার পরামর্শদাতা জয়দীপ মুখোপাধ্যায়।

আদালতে দু’পক্ষের সওয়াল-জবাব: শুনানি চলাকালীন বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যের কাছে জানতে চান, টিকিট বিক্রি করে ঠিক কত টাকা আদায় করা হয়েছে? রাজ্য জানায়, বিষয়টি এখনও তদন্তাধীন।

মামলাকারীর আইনজীবী জিষ্ণু সাহা দাবি করেন, বাণিজ্যিক কারণে লোগো ব্যবহারে ইউনেস্কোর কড়া নিষেধ থাকা সত্ত্বেও তা মানা হয়নি। অন্যদিকে, ইন্দ্রনীল সেন ও মধুছন্দা সেনের আইনজীবীর যুক্তি, “ইউনেস্কো নিজে কখনও কোনও অভিযোগ জানায়নি এবং টিকিটে তাদের লোগো ব্যবহার করা হয়নি। প্রিভিউ শো-তেই শুধু ইউনেস্কো থাকত।”

এই যুক্তির পাল্টা বিচারপতি সেনগুপ্ত কড়া ভাষায় বলেন, “ডোনার পাস ইস্যু করে টাকা নেওয়ার অর্থই তো শর্ত ভেঙে বাণিজ্যিক ব্যবহার করা।”

আদালতের নির্দেশ: সব পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারপতি জয় সেনগুপ্ত আগামী ৪ জুলাইয়ের মধ্যে রাজ্যকে এই মামলার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। টিকিট বিক্রি করে ঠিক কত টাকা উঠেছে, তা ওই রিপোর্টে স্পষ্ট জানাতে হবে প্রশাসনকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *