ওষুধের নামে ‘বিষ’! প্যারাসিটামল, সুগার-প্রেশার সহ মান পরীক্ষায় ডাহা ফেল ১৫৭টি ওষুধ

দিল্লি: শরীর সুস্থ করতে প্রতিদিন আমরা যে ওষুধের ওপর ভরসা করি, তা কি আদৌ কাজ করছে? সম্প্রতি সরকারি সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)-এর রিপোর্টে উঠে এসেছে এক মারাত্মক তথ্য, যা সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক তৈরি করেছে। চলতি বছরের মে মাসে গুণগত মানের পরীক্ষায় ডাহা ফেল করেছে প্যারাসিটামল-সহ ১৫৭টি বহুল ব্যবহৃত ওষুধ!
কী বলছে CDSCO-এর রিপোর্ট? নিয়ম মেনে প্রতি মাসেই বাজার থেকে বিভিন্ন ওষুধের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করে CDSCO। মে মাসের পরীক্ষায় দেখা গেছে, ১৫৭টি ওষুধের নমুনায় নির্ধারিত মান বজায় রাখা হয়নি। কোথাও রোগ নিরাময়ের জন্য প্রয়োজনীয় সল্ট (Drug Salt) সঠিক পরিমাণে নেই, তো কোথাও ওষুধের রাসায়নিক সংমিশ্রণই একেবারে ভুল। ফলে চিকিৎসকের পরামর্শে রোগীরা এই ওষুধগুলো খেলেও তা শরীরে সেভাবে কাজ করছে না।
কোন কোন ওষুধ পরীক্ষায় ফেল করেছে? এই তালিকায় রয়েছে জ্বর, সর্দি-কাশি থেকে শুরু করে ব্লাড প্রেশার, সুগার ও গ্যাসের মতো রোজকার ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় ওষুধ:
- জ্বর ও ব্যথা: প্যারাসিটামল (Paracetamol), ডাইক্লোফেনাক এবং ডাইক্লোফেনাক জেল।
- সর্দি ও শ্বাসকষ্ট: ডেক্সট্রোমেথরফান সিরাপ, টিওট্রোপিয়াম ইনহেলার।
- গ্যাস ও পেটের সমস্যা: দেশের লক্ষ লক্ষ মানুষের রোজ সকালে খাওয়া প্যান্টোপ্রাজল, ওমেপ্রাজল এবং এসোমেপ্রাজলের মতো জনপ্রিয় ওষুধ।
- ডায়াবেটিস ও ব্লাড প্রেশার: সুগারের ওষুধ মেটফর্মিন ও গ্লাইমিপিরিড। পাশাপাশি প্রেশারের ওষুধ টেলমিসার্টান, অ্যামলোডিপাইন এবং র্যামিপ্রিল।
- হৃদরোগ: রক্ত পাতলা করার ওষুধ অ্যাসপিরিন (৭৫ মিলিগ্রাম) এবং কোলেস্টেরল কমানোর ওষুধ রোসুভাস্টাটিন।
নিম্নমানের তালিকায় স্যানিটাইজার ও ব্যান্ডেজও! উদ্বেগের বিষয় হলো, শুধু খাওয়ার ওষুধই নয়, হাসপাতালে ও বাড়িতে রোজকার প্রয়োজনে ব্যবহৃত মেডিক্যাল সামগ্রীও মান পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে। এর মধ্যে রয়েছে ওআরএস (ORS), ক্ষত পরিষ্কার করার সার্জিক্যাল স্পিরিট, হ্যান্ড স্যানিটাইজার, ব্যান্ডেজ এবং তুলো। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই নিম্নমানের ওষুধের তালিকায় সিপলা (Cipla) এবং সান ফার্মা (Sun Pharma)-র মতো দেশের প্রথম সারির ও নামজাদা ওষুধ প্রস্তুতকারক কো ম্পা নির নামও জড়িয়েছে বলে জানা গেছে।