শিবের প্রিয় শ্রাবণ মাস আসন্ন! জেনে নিন ৫ সোমবারের ব্রতের দিনক্ষণ ও পুজোর নিয়ম

শিবের প্রিয় শ্রাবণ মাস আসন্ন! জেনে নিন ৫ সোমবারের ব্রতের দিনক্ষণ ও পুজোর নিয়ম

হিন্দু ধর্মে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস হলো ‘শ্রাবণ’। পুণ্যার্থীরা এই পবিত্র মাসজুড়ে নিষ্ঠাভরে ভোলানাথের আরাধনা করেন। দেশের বিভিন্ন শিবমন্দিরের পাশাপাশি ঘরে ঘরেও ভক্তরা শিবের মাথায় জল ঢালেন। এবছর (২০২৬) শ্রাবণ মাস শুরু হচ্ছে ১৮ জুলাই থেকে এবং শেষ হবে ১৮ অগাস্ট

শ্রাবণের ৫ সোমবারের পুণ্য তিথি:

শ্রাবণ মাসের সোমবারগুলিতে ব্রত পালনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এবছর এই পবিত্র মাসে মোট পাঁচটি সোমবার পড়েছে—

  • প্রথম সোমবার: ২০ জুলাই (৩ শ্রাবণ)
  • দ্বিতীয় সোমবার: ২৭ জুলাই (১০ শ্রাবণ)
  • তৃতীয় সোমবার: ৩ অগাস্ট (১৭ শ্রাবণ)
  • চতুর্থ সোমবার: ১০ অগাস্ট (২৪ শ্রাবণ)
  • পঞ্চম সোমবার: ১৭ অগাস্ট (৩১ শ্রাবণ)

কেন এত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাস?

পৌরাণিক কাহিনি অনুসারে, এই শ্রাবণ মাসেই ‘সমুদ্র মন্থন’ সম্পন্ন হয়েছিল। মন্থন থেকে উঠে আসা ভয়ংকর ‘হলাহল’ বিষ পান করে সৃষ্টিকে রক্ষা করেছিলেন দেবাদিদেব। বিষের তেজে তাঁর শরীর ও গলা নীল হয়ে যায়, যে কারণে তিনি ‘নীলকণ্ঠ’ নামেও পরিচিত। মহাদেবের সেই জ্বালা প্রশমনের জন্যই ভক্তরা শ্রাবণ মাসে তাঁর মাথায় শীতল গঙ্গার জল ও দুগ্ধ অর্পণ করেন।

শ্রাবণ মাসে শিবপুজো ও ব্রতের বিশেষ নিয়ম:

  • শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস করে শিবের আরাধনা করা অত্যন্ত পুণ্যফলদায়ী। উপবাসে অক্ষম হলে এদিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করা উচিত।
  • মহাদেব অল্পতেই তুষ্ট। ভক্তিভরে তাঁর পায়ে জল, বেলপাতা এবং ধুতুরা, আকন্দ, অপরাজিতা বা কলকে ফুল অর্পণ করলে জীবনের সমস্ত বিপদ-আপদ দূর হয়।
  • প্রতিদিন বা প্রতি সোমবার স্নান সেরে শিবস্তোত্র এবং ‘মহামৃত্যুঞ্জয় মন্ত্র’ জপ করলে মানসিক শান্তি ফেরে।
  • যাঁরা রুদ্রাক্ষ ধারণ করতে চান বা বাড়িতে স্ফটিক শিবলিঙ্গ স্থাপন করার কথা ভাবছেন, তাঁদের জন্য এই শ্রাবণ মাসটিই সেরা সময়।

সাধারণত স্বামীর মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় বিবাহিত মহিলারা এই মাসে উপবাস করে ব্রত পালন করে থাকেন। তবে শুধু বিবাহিত নারীরাই নন, অবিবাহিত নারী-পুরুষরাও নিষ্ঠাভরে ভোলেবাবার পুজো করেন। বিশ্বাস করা হয়, এই মাসে ভক্তিভরে মহাদেবকে ডাকলে তিনি সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং জীবনে সুখ-সমৃদ্ধি ও দাম্পত্য প্রেম বজায় থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *