সোনার আংটি সরকারি হাসপাতালে সন্তান হলেই! সরকারের মেগা ঘোষণা

তামিলনাড়ুর সংস্কৃতিতে নবজাতককে মামার বাড়ির তরফ থেকে উপহার দেওয়ার একটি ঐতিহ্যবাহী রেওয়াজ বা ‘থাইমামান সির’ রয়েছে। সেই আবেগকে সম্মান জানিয়ে এবার রাজ্যের প্রতিটি নবজাতকের ‘মামা’ হতে চলেছে খোদ সরকার। সরকারি হাসপাতালে সন্তান জন্ম নিলেই সদ্যোজাতকে বর্তমান বাজারমূল্যের নিরিখে প্রায় ১৩,৬০০ টাকা দামের এক গ্রামের একটি সোনার আংটি উপহার দেওয়ার কথা ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি মেনে আগামী ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই ‘থাইমামান থাঙ্গা মোথিরম থিত্তাম’ বা সোনার আংটি প্রকল্প চালু হতে চলেছে।
কারা পাবেন এই সুবিধা এবং নিয়মাবলি
তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা যাঁরা সরকারি স্বাস্থ্য কেন্দ্রে সন্তান প্রসব করবেন, তাঁরাই এই সুবিধা পাওয়ার যোগ্য। এই প্রকল্পের অধীনে লিঙ্গবৈষম্যহীনভাবে ছেলে বা মেয়ে উভয়ই এই উপহার পাবে এবং সন্তানের জন্মক্রমের উপর কোনও বিধিনিষেধ থাকছে না। সুবিধা পাওয়ার জন্য রাজ্যের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার আইডি, রেশন কার্ড বা আধার কার্ডের মতো বৈধ নথি জমা দিতে হবে। প্রকল্পটি আগামী ১৫ সেপ্টেম্বর প্রাক্তন মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে চালু হলেও, এটি পূর্ববর্তী সময়কাল অর্থাৎ মুখ্যমন্ত্রীর জন্মদিন গত ২২ জুন থেকে কার্যকর বলে ধরা হবে। এই মেগা উদ্যোগের জন্য রাজ্য সরকার বার্ষিক ৭৫৫.৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে।
প্রকল্পের উদ্দেশ্য ও সম্ভাব্য প্রভাব
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, তামিলনাড়ুতে প্রতি বছর প্রায় ৭.৮ লাখ শিশু জন্ম নেয়, যার মধ্যে ৫৩ শতাংশের বেশি প্রসব হয় সরকারি হাসপাতালে। বেসরকারি হাসপাতালে প্রসবের খরচ যেখানে ৬৩ হাজার টাকার বেশি, সেখানে সরকারি হাসপাতালে এই খরচ মাত্র ১,৩৬৪ টাকা। এই প্রকল্প একদিকে যেমন তামিল সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত মাতৃত্বের সম্মান রক্ষা করবে, তেমনই সাধারণ মানুষকে সরকারি হাসপাতালে নিরাপদ স্বাস্থ্য পরিষেবা নিতে আরও বেশি মাত্রায় উৎসাহিত করবে। এর ফলে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি সরাসরি উপকৃত হবে এবং রাজ্যের সরকারি চিকিৎসা পরিকাঠামোর ব্যবহার ও তার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও মজবুত হবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।