নদিয়ায় জমি ও গাছ পাচারকাণ্ডে নাম জড়াল অভিষেকের! আদালতের নির্দেশে তোলপাড়
নদিয়া: সরকারি খাস জমি দখল, মাটি কাটা এবং কয়েক হাজার মূল্যবান গাছ পাচারের অভিযোগে এবার নাম জড়াল ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নদিয়ার নাকাশিপাড়ার ১১০০ বিঘা খাস জমি সংক্রান্ত এই চাঞ্চল্যকর মামলায় অভিযুক্তদের তালিকায় সাংসদের নাম থাকায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
অভিযোগ কী?
মামলাকারীদের আইনজীবী শীর্ষেন্দু দাস জানিয়েছেন, নাকাশিপাড়ার ২৪ নম্বর মৌজার ১২ নম্বর জাতীয় সড়কের পাশে ১১০০ বিঘা সরকারি খাস জমি রয়েছে। ২০২০ সালেই এই জমির লিজের মেয়াদ শেষ হয়ে যায়। অভিযোগ, লিজের মেয়াদ ফুরিয়ে গেলেও বেআইনিভাবে সাড়ে ৪০০ বিঘা জমির মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে কাটা হয়েছে কয়েক হাজার সেগুন ও মেহগনি গাছ।
মামলায় কেন অভিষেকের নাম?
নাকাশিপাড়ার বাসিন্দা পরাশর মণ্ডল এবং আরও তিন ব্যক্তি আদালতে এই মামলা দায়ের করেছেন। মূল অভিযুক্তদের তালিকায় শাহজাহান শেখ, চাদু শেখ-সহ মোট ১২ জনের নাম রয়েছে। মামলাকারীদের আইনজীবীর বিস্ফোরক দাবি, “এই ঘটনার নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত রয়েছে। বারবার অভিযোগ জানালেও অভিযুক্তরা ক্রমাগত হুমকি দিয়ে বলত, তাদের মাথায় অভিষেক দাদার হাত আছে।”
আদালতের পদক্ষেপ:
কৃষ্ণনগর সিজেএম আদালতের বিচারক তরুণ কুমার মণ্ডল মামলাটি (কেস নম্বর ৪৩৭/২৬) গ্রহণ করেছেন। আগামী ২৭ জুলাই এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। ওই দিনই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট আদালতে পেশ করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারক।
বিশাল পরিমাণ সরকারি সম্পত্তি এবং গাছ পাচারের এই ঘটনায় সাংসদের নাম জড়িয়ে পড়ায় শাসকদল যে বেকায়দায় পড়েছে, তা বলাই বাহুল্য। এখন পুলিশি তদন্তে কী তথ্য উঠে আসে, সেদিকেই তাকিয়ে রয়েছে নদিয়াবাসী।