বাংলায় আসছে অভিন্ন দেওয়ানি বিধি! বিচারপতির নেতৃত্বে কমিটি গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলায় আসছে অভিন্ন দেওয়ানি বিধি! বিচারপতির নেতৃত্বে কমিটি গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: সোমবার বিধানসভার বিশেষ অধিবেশনে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (UCC) সংক্রান্ত বিল পেশ হতে চলেছে। শুক্রবার এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কী জানালেন মুখ্যমন্ত্রী?

ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯ তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, গুজরাট, আসাম বা গোয়ার আদলেই পশ্চিমবঙ্গেও ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, “ইউনিফর্ম সিভিল কোড বাংলায় হবে। তবে এর জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, যা বিধানসভায় জানানো হবে। এই পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য একজন কর্মরত বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে।”

বিধানসভায় সোমবার বড় পদক্ষেপ:

বিধানসভা সূত্রে খবর, আগামী সোমবার (২৯ জুন) স্পিকার রথীন্দ্র বসুর ডাকা অধিবেশনে মোট পাঁচটি বিল পেশ করা হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ‘অভিন্ন দেওয়ানি বিধি ২০২৬’ বিল।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিজেপি তাদের নির্বাচনী ইস্তাহারে (সংকল্প পত্র) যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল রাজ্য সরকার। বিলটি বিধানসভায় পেশ করার পর বিভিন্ন পক্ষকে আলোচনার সুযোগ দেওয়া হবে বলে জানা গেছে।

ইউনিফর্ম সিভিল কোড কী?

এই আইনের মাধ্যমে মূলত বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং দত্তক গ্রহণের মতো ব্যক্তিগত বিষয়গুলির জন্য একটি অভিন্ন আইনি কাঠামো তৈরি করার প্রস্তাব রাখা হবে। বর্তমানে ভারতের মধ্যে আসাম, উত্তরাখণ্ড ও গোয়ায় এই আইন কার্যকর রয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিলটি পাস হলে, এরাজ্য হবে দেশের চতুর্থ রাজ্য যেখানে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *