‘লুঙ্গি গুটিয়ে রাস্তায় নামবেন না’! ইউসিসি বিলের আগে সম্প্রীতির বার্তা হুমায়ুনের

আগামী সোমবার বিধানসভায় পেশ হতে চলেছে বহু চর্চিত ‘অভিন্ন দেওয়ানি বিধি’ বা ইউসিসি বিল। আর এই গুরুত্বপূর্ণ বিল পেশের ঠিক আগেই সমাজমাধ্যমে বার্তা দিয়ে সম্প্রীতি ও শান্তি বজায় রাখার আর্জি জানালেন প্রাক্তন আইপিএস আধিকারিক তথা ডেবরার প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর। রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি তাঁর স্পষ্ট বার্তা, কারও উস্কানিতে প্ররোচিত হয়ে হঠাৎ করে রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করা চলবে না।
উস্কানি ও হঠকারিতা থেকে দূরে থাকার আহ্বান
সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় হুমায়ুন কবীর স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বিশ্বজুড়ে ‘ইসলামোফোবিয়া’-র কারণে মুসলমানদের টার্গেট করা হচ্ছে। এই পরিস্থিতিতে হঠকারী সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক হতে পারে। তিনি লিখেছেন, “অন্য কারও উস্কানিতে লুঙ্গি বা পায়জামা গুটিয়ে লাফ মেরে রাস্তায় নেমে পড়ার হঠকারিতা থেকে দূরে থাকতে হবে।” পাশাপাশি, সমাজের ধর্মীয় নেতাদের বিশেষ করে মৌলানা ও মৌলভীদের উদ্দেশ্য করে তিনি আবেদন করেছেন, তাঁরা যেন কোনও প্রকার হিংসাত্মক বা উস্কানিমূলক ভাষণ দেওয়া থেকে বিরত থাকেন। অন্য সম্প্রদায়কে নিয়ে কটু মন্তব্য না করারও নির্দেশ দিয়েছেন তিনি।
আইন মানার আর্জি ও সম্ভাব্য প্রভাব
পরিবার ও সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে সকলকে সংযত থাকার পরামর্শ দিয়েছেন হুমায়ুন কবীর। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে, আবেগের বশে নিজের কথা না ভাবলেও বাড়িতে থাকা পরিবারের স্বার্থে যে কোনও ধরনের গন্ডগোল থেকে দূরে থাকা একান্ত প্রয়োজন। দেশের আইন কঠোরভাবে মেনে চলার পাশাপাশি সব ধর্মের মানুষকে পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের কথাও উল্লেখ করেছেন তিনি।
ইতিমধ্যেই উত্তরাখণ্ড, গুজরাট ও আসামে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হওয়ার পর দেশজুড়ে যে আইনি ও সামাজিক আলোচনা তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে হুমায়ুন কবীরের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওয়াকিবহাল মহলের মতে, বিল পেশের আগে এমন আবেদন রাজ্যে যে কোনও সম্ভাব্য অশান্তি বা ভুল বোঝাবুঝি ঠেকাতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।