১ জুলাই থেকে এক ধাক্কায় বাড়ছে পাসপোর্টের খরচ, পকেটে চাপ সাধারণ মানুষের!

विदेश ভ্রমণ বা নতুন পাসপোর্ট তৈরির পরিকল্পনা থাকলে সাধারণ মানুষের পকেটে বড় কোপ পড়তে চলেছে। আগামী ১ জুলাই থেকে পাসপোর্টের আবেদন এবং নবীকরণের (রিনিউ) ফি এক ধাক্কায় বেশ কিছুটা বাড়িয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। ১৯৮০ সালের পাসপোর্ট নিয়মে সংশোধন এনে চতুর্থ তফসিলে এই নতুন ফি কাঠামো অন্তর্ভুক্ত করে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মূলত প্রশাসনিক নিয়মের আধুনিকীকরণ ও সংশোধনীর কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সাধারণ ও তৎকাল—উভয় মাধ্যমেই পাসপোর্ট পাওয়ার খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা আন্তর্জাতিক ভ্রমণকারী ও সাধারণ আবেদনকারীদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করবে।
কোন পাসপোর্টে কত টাকা বাড়ল
নতুন নিয়ম অনুযায়ী, ১৮ বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের জন্য ৩৬ পৃষ্ঠার সাধারণ পাসপোর্টের স্ট্যান্ডার্ড ফি ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,৫০০ টাকা করা হয়েছে। তৎকাল পরিষেবার ক্ষেত্রে এই ফি ৩,৫০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫,০০০ টাকা। আন্তর্জাতিক ভ্রমণকারীদের সুবিধার্থে ব্যবহৃত ৬০ পৃষ্ঠার জাম্বো পাসপোর্টের সাধারণ আবেদন ফি ২,০০০ টাকা থেকে বেড়ে ৩,৫০০ টাকা এবং তৎকাল ফি ৪,০০০ টাকা থেকে বাড়িয়ে ৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, ১৮ বছরের কম বয়সী নাবালকদের নতুন পাসপোর্ট বা রিনিউ করার ক্ষেত্রে সাধারণ ফি ১,৭৫০ টাকা এবং তৎকাল ফি ৪,২৫০ টাকা ধার্য করা হয়েছে। বিদেশ থেকে আবেদনের ক্ষেত্রে ৩৬ পৃষ্ঠার পাসপোর্টের সাধারণ ফি ১২৫ মার্কিন ডলার এবং তৎকাল ফি ২৫০ মার্কিন ডলার করা হয়েছে।
পাসপোর্ট হারালে জরিমানা ও প্রবীণদের বিশেষ ছাড়
নতুন নিয়মে পাসপোর্ট হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে তা নতুন করে ফিরে পাওয়া আরও ব্যয়বহুল হবে। প্রাপ্তবয়স্কদের ৩৬ পৃষ্ঠার পাসপোর্ট হারিয়ে গেলে সাধারণ ফি ৫,০০০ টাকা এবং তৎকাল ফি ৭,৫০০ টাকা লাগবে। ৬০ পৃষ্ঠার ক্ষেত্রে এই ফি যথাক্রমে ৬,০০০ টাকা এবং ৮,৫০০ টাকা করা হয়েছে। নাবালকদের ৩৬ পৃষ্ঠার পাসপোর্ট হারালে নতুন করে পেতে সাধারণ ফি ৪,২৫০ টাকা এবং তৎকাল ফি ৬,৭৫০ টাকা গুণতে হবে। তবে সরকার প্রবীণ নাগরিক (৬০ বছরের বেশি) এবং শিশুদের (৮ বছরের কম) জন্য নতুন পাসপোর্টের আবেদনে ১০ শতাংশ ছাড়ের ঘোষণা করেছে, যা পুরোনো পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এছাড়া পরিচয়পত্রের ফি ১,০০০ টাকা এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ও সারেন্ডার সার্টিফিকেটের ফি বাড়িয়ে ৭৫০ টাকা করা হয়েছে।
পাসপোর্টের এই মূল্যবৃদ্ধির কারণে আগামী দিনে যারা পড়াশোনা, চাকরি বা ভ্রমণের জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের খরচ অনেকটাই বেড়ে যাবে। বিশেষ করে তৎকাল পরিষেবার অতিরিক্ত খরচ মধ্যবিত্ত আবেদনকারীদের ওপর প্রভাব ফেলবে। আগামী ৩০ জুন পর্যন্ত পুরানো ফি কাঠামো বহাল থাকবে, যার কারণে শেষ মুহূর্তে আবেদনকারীদের তাড়াহুড়ো ও ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে। ১ জুলাই থেকে নতুন আবেদনকারীদের বর্ধিত হারেই ফি দিতে হবে। উল্লেখ্য, সরকার সম্প্রতি স্পষ্ট করে জানিয়েছে যে, ভারতীয় পাসপোর্ট শুধুমাত্র একটি আন্তর্জাতিক ভ্রমণ নথি, এটি নাগরিকত্বের একক প্রমাণ নয়।