ভিনরাজ্যে লিভ ইন করলেও এবার জানাতে হবে সরকারকে! বাংলায় ইউসিসি আনছে কড়া নিয়ম

উত্তরাখণ্ড, আসাম ও গুজরাতের পর এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি (UCC) চালু হতে চলেছে। সোমবার রাজ্য বিধানসভায় এই বিল পেশ করতে পারে বর্তমান সরকার। ধর্ম, বর্ণ বা লিঙ্গ নির্বিশেষে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক ও সম্পত্তির মতো ব্যক্তিগত বিষয়গুলোতে সকল নাগরিকের জন্য সমান আইন চালু করাই এই বিলের মূল লক্ষ্য। তবে এই বিল পাশ হলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সবচেয়ে বড় প্রভাব পড়বে লিভ ইন রিলেশনশিপের ক্ষেত্রে। নতুন নিয়মে লিভ ইন সম্পর্ক আর ব্যক্তিগত গোপনীয়তার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সরকারকে আনুষ্ঠানিকভাবে জানানো বাধ্যতামূলক হতে চলেছে।
লিভ ইন সম্পর্কে কড়া নজরদারি ও জরিমানার সম্ভাবনা
ইউসিসি বিলটি আইনে পরিণত হলে লিভ ইন সম্পর্ক শুরু করার ৩০ দিনের মধ্যে তা রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক হবে। পাশাপাশি, বিয়ের ক্ষেত্রেও ৬০ দিনের মধ্যে আইনি নথিবদ্ধকরণের নিয়ম কার্যকর হবে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই আইনের ভৌগোলিক বিস্তৃতি। উত্তরাখণ্ডের মডেল অনুসরণ করা হলে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা যদি কর্মসূত্রে বা অন্য কোনো কারণে ভিনরাজ্যে কিংবা দেশের বাইরে গিয়েও লিভ ইন সম্পর্কে থাকেন, তাহলেও তাঁদের রাজ্য সরকারের কাছে তা নথিভুক্ত করতে হবে। একইভাবে অন্য রাজ্যের কোনো যুগল বাংলায় এসে লিভ ইন করলে তাঁদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। নিয়ম অমান্য করে নির্ধারিত এক মাসের মধ্যে রেজিস্ট্রেশন না করলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড বা দশ হাজার টাকা পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে যুগলদের।
আইনে সমতা আনার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হলেও, লিভ ইন সম্পর্কের মতো নিতান্তই ব্যক্তিগত বিষয় বাধ্যতামূলকভাবে নথিবদ্ধ করার নিয়ম নিয়ে ইতিমধ্যেই নাগরিক মহলে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। বিধানসভায় বিলটি পেশ হওয়ার পর এই নজরদারি ও জরিমানার বিষয়গুলো নিয়ে বিস্তর তর্কবিতর্কের সম্ভাবনা রয়েছে।