মেলোডির পর এবার মালদহের আম! বিদেশের বাজারে হু হু চাহিদা, লক্ষ্মীলাভ চাষিদের

মেলোডির পর এবার মালদহের আম! বিদেশের বাজারে হু হু চাহিদা, লক্ষ্মীলাভ চাষিদের

মালদহ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সৌজন্যে ‘মেলোডি’ চকলেটের পর এবার বিশ্বমঞ্চে নাম ছড়াচ্ছে মালদহের আম। ইতালির মিলান থেকে শুরু করে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টেবিলে এখন জায়গা করে নিয়েছে মালদহের সুস্বাদু লক্ষ্মণভোগ ও আম্রপলি।

বিদেশের বাজারে মালদহের আমের জয়জয়কার

আন্তর্জাতিক বাজারে মালদহের আমের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গেই রপ্তানি শুরু হয়েছে জোরকদমে। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই ১,৫০০ কেজি উচ্চমানের আম্রপলি ও লক্ষ্মণভোগ বিদেশে পাঠানো হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় ৬ মেট্রিক টন মালদহের আম পৌঁছে গেছে ভিনদেশে।

‘আমার মালদা’— চাষিদের জন্য নতুন দিশা

আম চাষি ও ব্যবসায়ীদের সুবিধার্থে মালদহ জেলা প্রশাসন শুরু করেছে ‘আমার মালদা’ (Aamar Malda) কর্মসূচি। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো আমের উৎপাদন থেকে শুরু করে রপ্তানি পর্যন্ত সমস্ত প্রক্রিয়াকে এক ছাতার তলায় নিয়ে আসা।

এই প্রসঙ্গে মালদহের জেলাশাসক রজনবীর সিং কাপুর জানান, “প্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমেই আমরা এই সাফল্য পেয়েছি। মালদহে আমের ব্যাপক ফলন হলেও চাষিরা উপযুক্ত বাজার পাচ্ছিলেন না। বিদেশে এই আম রপ্তানির ফলে চাষিদের কাছে এক বিশাল বড় বাজার উন্মুক্ত হয়েছে, যা তাঁদের আয় অনেকটা বাড়িয়ে দেবে।”

ভবিষ্যতে ‘আমার মালদা’ প্রকল্পের মাধ্যমে এই ধরনের উদ্যোগের পরিধি আরও বাড়ানো হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। স্থানীয় স্তরে ব্যাপক ফলন হওয়া সত্ত্বেও উপযুক্ত বিপণনের অভাবে যে চাষিরা এতদিন সমস্যায় ছিলেন, বিশ্ববাজারে আমের রপ্তানি বাড়ার ফলে সেই চিত্র এখন বদলাতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *