রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন! ৫ কর্মীকে শোকজ স্বাস্থ্যদপ্তরেরর

রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন! ৫ কর্মীকে শোকজ স্বাস্থ্যদপ্তরেরর

মেদিনীপুর: মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগে তোলপাড়। এই ঘটনায় হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার, অ্যাডিশনাল সুপার, স্টোর ইনচার্জ, সিস্টার ইনচার্জ এবং এক নার্স—সহ মোট ৫ জনকে শোকজ করেছে স্বাস্থ্যদপ্তর। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের জবাবদিহি করতে বলা হয়েছে। শুক্রবার রাতেই শোকজের নোটিস এসে পৌঁছায় হাসপাতালে।

জানা গিয়েছে, মানসী দে নামে মেদিনীপুর শহরের বিদ্যাসাগরপল্লির বাসিন্দা এক বৃদ্ধাকে গত ৫ জুলাই কিডনি ও হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তাঁর স্ট্রোক হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে বৃদ্ধার ছেলের নজরে আসে যে, তাঁর মাকে দেওয়া স্যালাইনের বোতলের মেয়াদ ২০২৬ সালের মার্চ মাসেই শেষ হয়ে গিয়েছে। রোগীর পরিবার সঙ্গে সঙ্গে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়।

অভিযোগ পাওয়ার পরেই স্বাস্থ্যদপ্তর তড়িঘড়ি তৎপর হয়ে ওঠে। ঘটনাস্থলে পাঠানো হয় একটি প্রতিনিধি দল। তাঁরা হাসপাতালের অধ্যক্ষ ও সুপারের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন এবং স্বাস্থ্যদপ্তরে বিস্তারিত রিপোর্ট জমা দেন। সেই রিপোর্টের ভিত্তিতেই দায়িত্ব অবহেলার দায়ে ৫ জনকে শোকজ করা হয়েছে।

উল্লেখ্য, মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন বিতর্ক নতুন নয়। এর আগে ২০২৫ সালেও প্রসূতিদের মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ উঠেছিল, যা নিয়ে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছিল। যদিও সরকারি তদন্তে পরবর্তীতে জানানো হয়েছিল যে স্যালাইনে কোনো সমস্যা ছিল না। এবার ফের একই ধরনের অভিযোগে মেদিনীপুর মেডিক্যালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *