খাসির মাংস নিয়ে তুলকালাম! বিয়ে বাড়িতে বর-কনেপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২

বিয়ে বাড়িতে খাসির মাংস দেওয়ার কথা ছিল, কিন্তু পরিবেশন করা হলো মুরগির মাংস। আর এই সামান্য বিষয়কে কেন্দ্র করেই রণক্ষেত্র হয়ে উঠল বিহারের সহরসা জেলার একটি বিয়ের আসর। দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, শুক্রবার বিয়ের সব অনুষ্ঠান নিয়ম মেনেই চলছিল। কিন্তু ছন্দপতন ঘটে খাওয়ার সময়। পাতে খাসির বদলে মুরগির মাংস দেখেই ক্ষোভে ফেটে পড়েন বরপক্ষের লোকজন। তাদের অভিযোগ, মেনুতে খাসির মাংস থাকার কথা থাকলেও কনেপক্ষ কথার খেলাপ করেছে। এই নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়।
কনেপক্ষের লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তাতে ব্যর্থ হন। বচসা মুহূর্তের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ, বরযাত্রীরা খাবার ছুড়ে ফেলে দিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর শুরু করেন। এরপর কনেপক্ষের লোকজনও লাঠি এবং তরোয়াল নিয়ে পাল্টা আক্রমণ চালায়। উভয়পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই ১২ জন আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই চাঞ্চল্যকর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।