‘খেলা হবে দিবস’-এর বদলে রাজ্যে পালিত হবে ‘আয়ুষ্মান দিবস’, ঘোষণা শুভেন্দুর

‘খেলা হবে দিবস’-এর বদলে রাজ্যে পালিত হবে ‘আয়ুষ্মান দিবস’, ঘোষণা শুভেন্দুর

কলকাতা: রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপির প্রথম সরকার পূর্ণ করতে চলেছে তাদের ১০০ দিন। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে আগামী ১৬ অগস্ট রাজ্যজুড়ে ‘আয়ুষ্মান দিবস’ পালনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় দলীয় এক সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে এই নতুন কর্মসূচির কথা জানান তিনি।

উল্লেখ্য, রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন এই ১৬ অগস্ট দিনটিকে ‘খেলা হবে দিবস’ হিসেবে পালন করত। সেই প্রথা ভেঙে নতুন সরকারের এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, “১৬ অগস্ট দিনটি কলকাতার ইতিহাসের একটি অত্যন্ত বেদনাদায়ক দিন। সুরাবর্দির নেতৃত্বে সেই সময়ে ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’ হয়েছিল। পূর্বতন সরকার সেই দিনটিকে ‘খেলা হবে দিবস’ হিসেবে পালন করত। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে, ওই দিনটি আমরা ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে উদযাপন করব।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ চালু করার বিষয়টি বর্তমানে বিজেপির অন্যতম প্রচারের হাতিয়ার। তৃণমূল জমানায় এই প্রকল্পের সুবিধা থেকে রাজ্যবাসীকে বঞ্চিত রাখার অভিযোগ উঠেছিল, যা এখন সরকার বদলের পর বাস্তবায়িত হচ্ছে। তাই ১০০ দিনের উদ্‌যাপনে এই দিবসটি বেছে নেওয়া বেশ কৌশলী পদক্ষেপ।

পাশাপাশি, রাজ্যের নতুন ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়েও মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন। তিনি জানান, অযোগ্যদের বাদ দিয়ে প্রতিটি প্রকৃত প্রাপকের কাছে এই ভাতার সুবিধা পৌঁছে দেওয়া হবে। ৩০ অগস্ট পর্যন্ত ভেরিফিকেশন চলবে এবং যোগ্য মহিলারা কোনোভাবেই বঞ্চিত হবেন না বলে তিনি নিশ্চিত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *