অ্যাকাউন্টে ৭৬০ কোটি টাকা! ৩ হাজার তুলতে গিয়ে চোখ কপালে মুর্শিদাবাদের বধূর

মুর্শিদাবাদের লালগোলা থানার কালিকাপুর গ্রামের বাসিন্দা শরিফা খাতুনের ব্যাংক অ্যাকাউন্টে অবিশ্বাস্যভাবে জমা হল প্রায় ৭৬০ কোটি টাকা! শনিবার দেওরের পাঠানো মাত্র ৩ হাজার টাকা তুলতে গিয়ে তিনি দেখেন, অ্যাকাউন্টের ব্যালেন্স ৭,৫৯,৬৯,৫১,৯৫১ টাকা ১৬ পয়সা। সাধারণ অ্যাকাউন্টে এমন বিপুল অঙ্কের টাকা দেখে আতঙ্কিত হয়ে পড়েন ওই গৃহবধূ। কোনও ঝুঁকি না নিয়ে তিনি সঙ্গে সঙ্গে লালগোলা থানা ও ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানান।
ব্যাংকের তরফ থেকে শরিফা খাতুনকে সোমবার সমস্ত নথিপত্র নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। ব্যাংকিং বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, এটি কোনও বড় কারিগরি ত্রুটি হতে পারে। অনেক সময় সিস্টেমের ভুলের কারণে অন্য কোনও কোড ব্যালেন্সের জায়গায় দেখায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, সম্প্রতি কোচবিহারের এক ছাত্রী এবং দুর্গাপুরের এক গৃহবধূর ব্যাংক অ্যাকাউন্টেও একইভাবে বিপুল অঙ্কের টাকার হদিশ মিলেছিল।