আসামে কি এবার নাগরিকত্ব নির্ধারণে বড় স্বস্তি, বিরাট রায় দিল দেশের সর্বোচ্চ আদালত
আসামে ২৭ জনকে বিদেশি নাগরিক ঘোষণার মামলায় ঐতিহাসিক রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, কারও নাগরিকত্ব বা বিদেশি পরিচয় নির্ধারণের মতো অত্যন্ত সংবেদনশীল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অবশ্যই ন্যায্য, স্বচ্ছ এবং যুক্তিসঙ্গত হতে হবে। এই পর্যবেক্ষণের ভিত্তিতেই গুয়াহাটি হাইকোর্টের আগের রায় এবং বিদেশি ট্রাইব্যুনালগুলির দেওয়া নির্দেশ বাতিল করেছে শীর্ষ আদালত। মামলাগুলি এখন নতুন করে শুনানির জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালগুলিতে ফেরত পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যে আবেদনকারীদের নাগরিকত্ব প্রমাণের দায় তাঁদের নিজেদেরই থাকবে এবং এই রায়ে তাঁদের দাবির সত্যতা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। নামের বানানে সামান্য ভুল বা ভোটার তালিকায় কারিগরি ত্রুটির কারণে বিদেশি ঘোষণার শিকার হওয়া সবিত্রী দে, আজবাহার আলির মতো আবেদনকারীদের জন্য এই নির্দেশ নতুন শুনানির পথ খুলে দিল। আদালত জানিয়েছে, রাষ্ট্রের স্বার্থ রক্ষা করা প্রয়োজন হলেও কোনওভাবেই আইনি প্রক্রিয়ার মৌলিক সুরক্ষা উপেক্ষা করা চলবে না। এখন ট্রাইব্যুনালগুলি স্বাধীনভাবে এই মামলার নিষ্পত্তি করবে।