দলবদলু তিন নেতার কপাল খুলল পদ্মশিবিরে, বিধানসভায় শুভেন্দুকে পাশে নিয়ে মনোনয়ন পেশ সুখেন্দু, সুস্মিতা ও প্রকাশের

দলবদলু তিন নেতার কপাল খুলল পদ্মশিবিরে, বিধানসভায় শুভেন্দুকে পাশে নিয়ে মনোনয়ন পেশ সুখেন্দু, সুস্মিতা ও প্রকাশের

রাজ্যসভা উপনির্বাচনকে কেন্দ্র করে সরগরম বিধানসভা। সোমবার দুপুরে বিজেপি মনোনীত তিন প্রার্থী সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক আনুষ্ঠানিক ভাবে তাঁদের মনোনয়নপত্র জমা দিলেন। সম্প্রতি তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ এবং দল ছেড়ে গত বৃহস্পতিবার বিজেপিতে যোগ দেন এই তিন নেতা। যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই তাঁদের রাজ্যসভার টিকিট দেয় বিজেপি। এ দিন বিধানসভায় মনোনয়ন পেশের সময় তিন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিন প্রাক্তন তৃণমূল সাংসদের বিজেপিতে যোগদান ও রাতারাতি টিকিট পাওয়া নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠলেও শমীক ভট্টাচার্য একে ‘ব্যতিক্রমী ঘটনা’ বলে উল্লেখ করেছেন।

পশ্চিমবঙ্গ থেকে খালি হওয়া এই তিনটি আসনে আগামী ২৪ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বিধানসভার বর্তমান রাজনৈতিক সমীকরণ অনুযায়ী বিজেপির হাতে ২০৭টি আসন রয়েছে এবং বিরোধী শিবিরের আসন সংখ্যা ৮৫। ফলে এই উপনির্বাচনে তিনটি আসনেই বিজেপির জয় নিশ্চিত বলে মনে করছে রাজনৈতিক মহল। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী মনোনয়ন জমার শেষ দিন ১৪ জুলাই এবং প্রত্যাহারের শেষ দিন ১৭ জুলাই। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব এ দিন প্রার্থীদের সঙ্গে থেকে তাঁদের পূর্ণ সমর্থনের বার্তা স্পষ্ট করে দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *