নেতা থেকে গায়ক! ‘ঝালমুড়ি’ নিয়ে গানে মাতলেন দিলীপ ঘোষ

বঙ্গ রাজনীতির ‘সোজাসাপ্টা’ মানুষ হিসেবে পরিচিত দিলীপ ঘোষ এবার ধরা দিলেন একেবারে নতুন অবতারে। বিতর্কিত মন্তব্য কিংবা প্রাতঃভ্রমণের আড্ডার বাইরে এবার তাকে দেখা গেল স্টুডিওর মাইক্রোফোনের সামনে। একসময়ের তুখোড় বিজেপি নেতা এবং বর্তমান মন্ত্রীর গাওয়া ‘ঝালমুড়ি’ গানটি এখন নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।
গান নিয়ে শোরগোল: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দিলীপ ঘোষকে গান রেকর্ড করতে দেখা যাচ্ছে। গানের কথাগুলো বেশ হালকা মেজাজের। জানা গেছে, এই গানে রয়েছে— “আম আচারে টক মিলবে, অল্প দাও হে ভাই”, “চামচে নাড়ানাড়ি” এবং “জিভে জল আনে ঝালমুড়ি”-র মতো মজার সব পঙ্ক্তি। শিল্পী লোকেশ গিরি ও রিমাশ্রী এই গানটির সুর ও কথা তৈরি করেছেন। বিজেপি নেতা অনুপম হাজরার ফেসবুক পেজ থেকে গানটি প্রকাশ্যে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে।
কোথায় রেকর্ড করলেন এই গান? প্রতিদিনের রুটিন মেনে সোমবার সকালেও ইকোপার্কে প্রাতঃভ্রমণ সেরেছিলেন দিলীপ ঘোষ। সেখান থেকে সোজা চিনার পার্কের একটি স্টুডিওতে হাজির হন তিনি। সেখানেই রেকর্ড করা হয় এই বিশেষ গানটি।
কেন ঝালমুড়ি? বঙ্গ রাজনীতিতে ‘ঝালমুড়ি’ শব্দটি বেশ চর্চিত। ২৬-এর নির্বাচনের প্রেক্ষাপটে ঝাড়গ্রামের এক দোকানে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়ার ঘটনা বেশ সাড়া ফেলেছিল। সেই স্মৃতি উসকেই এবার রাজনীতির ময়দানের বাইরে ভোজনরসিক বাঙালির প্রিয় স্ট্রিটফুড ঝালমুড়িকে কেন্দ্র করেই গানে সুর বাঁধলেন দিলীপ ঘোষ।
তবে সাধারণ মানুষ কবে নাগাদ এই গানটি সম্পূর্ণ শুনতে পাবেন, তা নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। কিন্তু মন্ত্রীর কণ্ঠে এই ভিন্নধর্মী গান শোনার জন্য এখন থেকেই উৎসাহী নেটিজেনরা।