কাঁপছে বিশ্ব তেলের বাজার, হরমুজ প্রণালী নিজেদের দখলে নিয়ে ২০ শতাংশ টোল বসালেন ট্রাম্প
July 14, 20268:23 am

বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন হরমুজ প্রণালীর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরে ইরান ও আমেরিকার মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার আবহে ট্রাম্প জানান, ওয়াশিংটন অবিলম্বে ইরানি নৌ-অবরোধ জারি করছে। এখন থেকে এই জলপথের সুরক্ষায় চলাচলকারী সমস্ত বাণিজ্যিক জাহাজের ওপর এক ধাক্কায় ২০ শতাংশ নিরাপত্তা শুল্ক বা টোল ট্যাক্স চাপানো হবে।
ট্রাম্পের এই বিতর্কিত সিদ্ধান্তে বিশ্বজুড়ে খনিজ তেল ও গ্যাসের বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন, বিপজ্জনক অঞ্চলে মার্কিন সেনা বিনা মূল্যে কাউকে পাহারা দেবে না। বিশ্বের মোট উত্তোলিত জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহণ হওয়ায় আন্তর্জাতিক মহলে চরম যুদ্ধকালীন পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে।