হরমুজে ইরানি মিসাইল হামলা: মৃত ভারতীয় নাবিক, জখম ৮

হরমুজে ইরানি মিসাইল হামলা: মৃত ভারতীয় নাবিক, জখম ৮

তেহরান: ফের উত্তপ্ত হরমুজ প্রণালী। সোমবার রাতে সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের ক্রুজ মিসাইল হামলার ঘটনায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ৮ জন নাবিক আহত হয়েছেন, যাঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার সকালে সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি, ওমানের জলসীমার কাছে হরমুজ প্রণালীর দক্ষিণ জলপথে আমিরশাহীর পতাকাবাহী ট্যাঙ্কার ‘মোম্বাসা’ এবং ‘বাহিয়া’-কে লক্ষ্য করে এই মিসাইল হামলা চালানো হয়েছে। হামলায় মৃত নাবিক ‘মোম্বাসা’ ট্যাঙ্কারে কর্মরত ছিলেন। আহতদের মধ্যে ৬ জন ভারতীয় এবং ২ জন ইউক্রেনীয় নাগরিক।

হামলার পর ট্যাঙ্কার দুটিতে আগুন ধরে গেলেও, পরে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানা গিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী এই হামলার তীব্র নিন্দা জানিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

অন্যদিকে, ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ওই জাহাজ দুটি নিয়ম ভেঙে হরমুজ প্রণালী পার হচ্ছিল। তাদের দাবি, সতর্কবার্তা দেওয়ার পরেই জাহাজগুলিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। আন্তর্জাতিক মহলে এই ঘটনার জেরে জ্বালানি সরবরাহ ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *