হরমুজ় প্রণালীতে আবার ইরানি ক্ষেপণাস্ত্র হানা, প্রাণ হারালেন ভারতীয় নাবিক

সংযুক্ত আরব আমিরশাহির দুটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। মঙ্গলবারের এই আকস্মিক আক্রমণে এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও আটজন। আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, জখমদের মধ্যে ছয়জন ভারতীয় এবং দুজন ইউক্রেনীয় নাগরিক রয়েছেন। হামলার শিকার হওয়া ‘মোম্বাসা’ এবং ‘আল বাহিয়া’ নামের জাহাজ দুটি ওমানের জলসীমায় থাকাকালীন আক্রান্ত হয়।
এই হামলার দায় স্বীকার করে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, সতর্কবার্তা উপেক্ষা করে এগোতে থাকায় জাহাজ দুটিকে অচল করে দেওয়া হয়েছে। অন্যদিকে, রবিবার ওমান উপকূলে আরও একটি পণ্যবাহী জাহাজ আক্রান্ত হওয়ার পর নিখোঁজ হন এক ভারতীয়। সাম্প্রতিক এই ধারাবাহিক হামলায় হরমুজ় প্রণালীতে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং আমিরশাহি এই ঘটনার যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।