পুলিশ প্রশাসনে বড় রদবদল, সিআইডি-র নতুন এডিজি রমেশ বাবু, দায়িত্ব থেকে সরলেন সুপ্রতিম সরকার

কলকাতা: রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। মঙ্গলবার জারি হওয়া এক নির্দেশিকায় কলকাতা ও রাজ্য পুলিশের মোট ৩৩ জন আইপিএস (IPS) ও ডব্লিউবিপিএস (WBPS) পদমর্যাদার আধিকারিককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
এই রদবদলের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো সিআইডি (CID)-তে। এতদিনের এডিজি ও আইজিপি সুপ্রতিম সরকারকে সেই পদ থেকে সরিয়ে রাজ্য পুলিশের টেলিকমিউনিকেশন শাখার এডিজি করা হয়েছে। একই সঙ্গে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (IB)-এর বাড়তি দায়িত্ব থেকেও তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন রমেশ বাবু, যিনি এতদিন অপরাধ দমন ও তদন্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ রদবদল:
- আইবি (IB): পশ্চিমাঞ্চলের এডিজি বিশাল গর্গকে রাজ্য গোয়েন্দা শাখার (IB) এডিজি করা হয়েছে। সেখানে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন আনন্দ কুমার।
- বিধাননগর পুলিশ: বিধাননগরের পুলিশ কমিশনার ত্রিপুরারি অথর্বকে ট্রাফিক অ্যান্ড রোড সেফটির এডিজি করা হয়েছে। তাঁর পদে এসেছেন রাঠোর অমিতকুমার ভারত।
- উত্তরবঙ্গ ও অন্যান্য: উত্তরবঙ্গ রেঞ্জের এডিজি কে. জয়রামনকে অর্থনৈতিক অপরাধ দমন শাখার ডিরেক্টর করা হয়েছে। উত্তরবঙ্গের নতুন আইজিপি হলেন সুকেশ কুমার জৈন। এসটিএফ (STF)-এর নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিয়েছেন সুধীর কুমার নীলকান্তম।
জেলা স্তরেও ব্যাপক পরিবর্তন এসেছে। দার্জিলিংয়ের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়েছেন ইয়েলওয়াদ শ্রীকান্ত জগন্নাথরাও এবং কোচবিহারের এসপি হয়েছেন মণীশ জোশী। এছাড়াও কলকাতা পুলিশ, বারুইপুর, পূর্ব মেদিনীপুর ও সুন্দরবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলায় পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পর্যায়ে রদবদল করা হয়েছে। নবান্নের পক্ষ থেকে একে ‘রুটিন প্রশাসনিক বদলি’ বলে অভিহিত করা হলেও, রাজনৈতিক মহলে এই বড় রদবদল নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।