ব্রিগেডে লোক নেই! মমতাকে ঘরের মধ্যে শহীদ দিবস পালনের পরামর্শ দিলীপের

কলকাতা: তৃণমূলের শহীদ দিবস পালন নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিজেপির নেতা দিলীপ ঘোষ। বুধবার নিউ টাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ কটাক্ষের সুরে বলেন, “ব্রিগেডে করার মতো লোক নেই তৃণমূলের। যদি দম থাকে তবেই ব্রিগেডে করুন, নাহলে সম্মান বাঁচিয়ে ঘরের মধ্যে শহীদ দিবস পালন করুন।”
মমতাকে দিলীপের ‘পরামর্শ’: তৃণমূলের শহীদ দিবস নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, “কালীঘাটে করুন। আসলে এখন তো আর রাস্তায় করার লোক নেই। রেড রোডে নামাজ পড়ার মতোই এখন তৃণমূলের পরিস্থিতি। কংগ্রেসের শহীদ দিবসে যদি মমতা বন্দ্যোপাধ্যায় যান, তবেই তাঁর ‘প্রায়শ্চিত্ত’ হবে এবং সম্মানটুকু বাঁচবে।”
তৃণমূলের অন্দরে ‘দ্বন্দ্ব’ ও নাটক: মদন মিত্র প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “কে ভালো বা খারাপ তৃণমূল, তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। যারা অপরাধমূলক কাজে জড়িত, তাদের কাছে সমন যাবেই। ইডি ক্লিন চিট দিলে তবেই ছাড়, নাহলে সন্দীপনও বাঁচাতে পারবে না।” পাশাপাশি, তৃণমূলের বর্তমান পরিস্থিতির সঙ্গে ১৯৮৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল গড়ার সময়ের তুলনা টেনে তিনি একে ‘রাজনৈতিক ড্রামা’ বলে অভিহিত করেন।
মৌলবাদ ও রাজ্য রাজনীতি: সিপিএম আমলের প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ দাবি করেন, সিপিএম যা শুরু করেছিল, তৃণমূল সেই মৌলবাদীদের হাতেই এখন ক্ষমতা তুলে দিয়েছে। এর ফলে তৃণমূলকে বড় মূল্য চোকাতে হচ্ছে।
অন্যান্য ইস্যু: বাস পরিষেবা এবং সনাতন ধর্মের জাগরণ নিয়েও এদিন মুখ খোলেন দিলীপ ঘোষ। শ্যামলী পরিবহনের নতুন বাস পরিষেবা চালুর প্রশংসা করে তিনি জানান, সাধারণ মানুষের সুবিধার্থে এমন পরিষেবা প্রয়োজন। এছাড়া রথযাত্রা ও দুর্গাপুজো নিয়ে তাঁর মন্তব্য, “সার্বিক সনাতন জাগরণ হয়েছে। এবার দুর্গাপুজো হবে ধুমধাম করে এবং পরের বছর হবে অভূতপূর্ব রামনবমী।”