‘আমাকে খুনের ছক কষছে দলের নেতারাই!’ বিস্ফোরক বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী

ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচীর এক চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। তাঁর বিস্ফোরক দাবি, দলেরই একাংশ নেতার মদতে ব্যারাকপুরের কয়েকজন প্রথম সারির তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিতে চাইছেন। আর এই দলবদলে বাধা দেওয়ায় তাঁর ওপর যে কোনো মুহূর্তে প্রাণঘাতী হামলা হতে পারে!

কী অভিযোগ কৌস্তুভের? সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি বিধায়ক সরাসরি নাম করে বলেন, ব্যারাকপুরের প্রাক্তন চেয়ারম্যান উত্তম দাস, টিটাগরের প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী এবং রাজা পাসোয়ান সহ একাধিক তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিতে মরিয়া। আর আশ্চর্যের বিষয় হলো, গেরুয়া শিবিরেরই কিছু নেতা টাকার বিনিময়ে বা অন্য স্বার্থে তাদের এই যোগদানের পথ মসৃণ করে দিচ্ছেন।

‘আমি ম্যানেজ হওয়ার লোক নই’ কৌস্তুভের স্পষ্ট দাবি, দলের একাংশের এই চক্রান্তে তিনি সবচেয়ে বড় বাধা। তিনি বলেন, “কৌস্তুভ বাগচী ম্যানেজ হওয়ার মতো লোক নয়। এই দলবদলের তীব্র বিরোধিতা করায় এখন আমার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।” বিধায়কের অভিযোগ, তাঁর বাড়ির সামনে এসে ক্রমাগত গালিগালাজ ও প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। ভয় দেখিয়ে কাজ না হলে এরপর তাঁর ওপর সরাসরি খুনের হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

মণীশ শুক্ল খুনের প্রসঙ্গ তুলে কড়া বার্তা দলের শীর্ষ নেতৃত্বকেও পরোক্ষে কড়া বার্তা দিয়েছেন এই বিজেপি নেতা। মণীশ শুক্ল হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি সাফ জানিয়ে দেন, “যাঁরা ব্যারাকপুরের মাটিতে চোর হিসেবে চিহ্নিত এবং মণীশ শুক্ল খুনের এফআইআর-এ যাদের নাম রয়েছে, দলের কিছু নেতা তাদের নেওয়ার চেষ্টা করলেও আমি তা মানব না। আমি যতদিন ব্যারাকপুরে আছি, এই ধরনের লোকজনকে দলে এন্ট্রি দেব না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *