পকেটে ছ্যাঁকা! বাজারে ৯ টাকা ছুঁল ডিম, এক বছরে কতটা দাম বাড়ল জানেন?

আপনি যদি রোজকার ডায়েটে ডিম রাখতে ভালোবাসেন, তবে এই খবরটি আপনার চিন্তা বাড়াতে পারে। কলকাতা-সহ সারা দেশেই হু হু করে বাড়ছে ডিমের দাম। খুচরো বাজারে এক-একটি ডিম বিকোচ্ছে সাড়ে ৮ থেকে ৯ টাকায়। পোল্ট্রি ব্যবসায়ীদের মতে, মুরগির খাবারের (পোল্ট্রি ফিড) অস্বাভাবিক মূল্যবৃদ্ধিই এর প্রধান কারণ।
কলকাতায় ডিম ও মুরগির বর্তমান দর ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের দেওয়া তথ্য অনুযায়ী, বাজারে এখন দামের পারদ ঊর্ধ্বমুখী:
- বর্তমান পাইকারি দর: কলকাতায় একটি ডিমের পাইকারি দাম ৭.৭০ টাকা। গোটা মুরগির পাইকারি দাম ১৪০ থেকে ১৪৮ টাকা এবং কাটা মুরগি ২১০ টাকা প্রতি কেজি।
- গত বছরের চিত্র: ঠিক এক বছর আগে (২০২৫ সালের এই দিনে) একটি ডিমের পাইকারি দাম ছিল মাত্র ৫.৭৫ টাকা।
কেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম? ন্যাশনাল এগ কোঅর্ডিনেশন কমিটি (NECC) এবং পোল্ট্রি কো ম্পা নিগুলির মতে, দাম বাড়ার পিছনে বেশ কয়েকটি বড় কারণ রয়েছে:
- ফিডের মূল্যবৃদ্ধি: মুরগির খাবারে ব্যবহৃত ভুট্টা ও সয়াবিন মিলের দাম মার্চ মাস থেকে ৩৫% থেকে ৬৪% পর্যন্ত বেড়ে গিয়েছে।
- ভুট্টার ব্যাপক চাহিদা: পোল্ট্রির পাশাপাশি ইথানল কো ম্পা নিগুলোও এখন প্রচুর পরিমাণে ভুট্টা কিনছে। ফলে বাজারে ভুট্টার টান পড়ছে এবং দাম বাড়ছে।
- আন্তর্জাতিক সংঘাত ও আবহাওয়া: পশ্চিম এশিয়ায় চলা অস্থিরতার জেরে আমদানিতে টান পড়েছে। এর পাশাপাশি গত বছর সয়াবিনের উৎপাদন কম হওয়া এবং এ বছরের তীব্র তাপপ্রবাহের জেরে ব্রয়লার মুরগির উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।
কবে কমতে পারে দাম? সাধারণ মানুষের জন্য আশার কথা হলো, পোল্ট্রি শিল্পের অনুমান জুলাই মাসের শেষের দিকে ডিম ও মুরগির দাম কিছুটা কমতে পারে। কারণ হিসেবে তারা বলছেন, উত্তর ভারত-সহ দেশের বিভিন্ন প্রান্তে পবিত্র শ্রাবণ মাসে বহু মানুষ ডিম ও মাংস খাওয়া এড়িয়ে চলেন। এই সময় বাজারে চাহিদা কম থাকার কারণে সাময়িকভাবে দাম কমার সম্ভাবনা রয়েছে। তবে দীর্ঘমেয়াদি স্বস্তি নির্ভর করছে বর্ষার স্বাভাবিক পরিস্থিতি এবং ভুট্টা ও সয়াবিনের দাম কমার ওপর।