‘কোমরে দড়ি বেঁধে আনবে পুলিশ!’ গরহাজির পঞ্চায়েত প্রধানদের চরম হুঁশিয়ারি মন্ত্রী দিলীপের

রাজ্য বিধানসভায় পঞ্চায়েত দফতরের বাজেট আলোচনায় গরহাজির পঞ্চায়েত প্রধানদের কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। শুধু হুঁশিয়ারি দেওয়াই নয়, পঞ্চায়েত ব্যবস্থায় বড়সড় প্রশাসনিক রদবদলেরও স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি।
‘কোমরে দড়ি বেঁধে আনবে পুলিশ’ এদিন বিধানসভায় মন্ত্রী দিলীপ ঘোষ অনুপস্থিত পঞ্চায়েত প্রধানদের উদ্দেশে বলেন, “ভয়ে যদি পঞ্চায়েতে না আসেন, তবে অবিলম্বে পদত্যাগ করুন। নয়তো পুলিশ দিয়ে কোমরে দড়ি বেঁধে পঞ্চায়েতে নিয়ে আসা হবে!” তাঁর দাবি, যাঁরা আগে জোর করে বা লুট করে পঞ্চায়েত দখল করেছিলেন, তাঁরাই এখন মানুষের রোষের মুখে পড়ার ভয়ে কার্যালয়ে আসছেন না। এর ফলে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের পরিষেবা। তবে প্রধানরা কাজে যোগ দিলে প্রশাসন তাঁদের সম্পূর্ণ পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।
কমছে প্রধানদের আর্থিক ক্ষমতা পঞ্চায়েত প্রধানদের আর্থিক ক্ষমতা কমানোর বড়সড় ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। তিনি জানান, খুব শীঘ্রই বিধানসভায় একটি নতুন বিল আনা হবে, যার মাধ্যমে প্রধানদের হাতে থাকা আর্থিক ক্ষমতায় রাশ টানা হবে। তবে নতুন পরিকাঠামো ঠিক কীরকম হবে, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
১১ হাজার শূন্যপদে স্বচ্ছ নিয়োগ পঞ্চায়েত দফতরে কর্মী নিয়োগ নিয়েও এদিন বিধানসভায় বড় ঘোষণা করেছেন দিলীপ ঘোষ। তিনি জানান, বর্তমানে দফতরে প্রায় এক লক্ষ কর্মী রয়েছেন, যাঁদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে স্পষ্ট তথ্যের অভাব রয়েছে। তবুও তাঁদের নিয়মিত বেতন দিতে হচ্ছে। এই সমস্যা মেটাতে ও দুর্নীতি রুখতে এবার ১১ হাজার শূন্যপদে নতুন করে নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে এবার থেকে রাজ্য লোকসেবা কমিশনের (State Public Service Commission) মাধ্যমেই এই নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।