নিউটাউনে লিভ-ইন রহস্য! ফ্ল্যাটে প্রেমিকার ঝুলন্ত দেহ, হাতের শিরা কেটে রক্তাক্ত প্রেমিক

নিউটাউনে মর্মান্তিক ঘটনা! চণ্ডীবেড়িয়ার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক যুবতীর ঝুলন্ত দেহ। আর সেই একই ঘরে হাতের শিরা কাটা, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেল তাঁর লিভ-ইন সঙ্গীকে! সম্পর্কজনিত টানাপোড়েন নাকি অন্য কোনও রহস্য? তদন্তে নেমেছে পুলিশ।
মৃত যুবতীর নাম তৃষা সাহা। নৈহাটির বাসিন্দা তৃষা কলকাতার একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। জানা গিয়েছে, গত চার মাস ধরে সহকর্মী সৌভিক রায়ের সঙ্গে নিউটাউনের চণ্ডীবেড়িয়ার ওই ফ্ল্যাটে লিভ-ইন সম্পর্কে ছিলেন তিনি।
সোমবার দুপুরে ওই ফ্ল্যাট থেকেই তৃষার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘরের ভেতরেই গুরুতর জখম অবস্থায় পাওয়া যায় সৌভিককে। তাঁর হাতের শিরা কাটা ছিল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
আত্মহত্যা নাকি খুন? তৃষার দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। তবে এটি কি দুজনের একসঙ্গে আত্মহত্যার চেষ্টা, নাকি তৃষার মৃত্যুর পিছনে সৌভিকেরই হাত রয়েছে— সেই বিষয়টি খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিশ।
আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। সৌভিকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় এখনই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না পুলিশ। তাঁর জ্ঞান ফিরলেই এই লিভ-ইন রহস্যের জট খুলবে বলে মনে করা হচ্ছে।