কোনা এক্সপ্রেসওয়েতে আর ঘণ্টার পর ঘণ্টা জ্যাম নয়! যাত্রীদের দুর্ভোগ মেটাতে শুভেন্দুর বিরাট ঘোষণা
July 21, 20261:22 pm

কোনা এক্সপ্রেসওয়ে মানেই নিত্যদিনের যানজট আর ঘণ্টার পর ঘণ্টা বাসে বসে থাকার চরম দুর্ভোগ। তবে এবার হাওড়া ও সংলগ্ন এলাকার মানুষদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যানজট ও দূষণ কমাতে হাওড়া থেকে গার্ডেনরিচের মধ্যে জলপথে ‘রো-রো সার্ভিস’ (Ro-Ro Service) চালু করার মাস্টারপ্ল্যান ঘোষণা করল রাজ্য সরকার।
মঙ্গলবার কসবা থেকে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী এই পরিকল্পনার কথা জানান।
কীভাবে কমবে যানজট? জেনে নিন মুখ্যমন্ত্রীর প্ল্যান:
- পণ্যবাহী ট্রাকের রুট বদল: মুখ্যমন্ত্রী জানান, কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিদিন প্রচুর পণ্যবাহী গাড়ি যাতায়াত করে। এতে যেমন সময় নষ্ট হয়, তেমনই মারাত্মক দূষণ ছড়ায়। রো-রো সার্ভিস চালু হলে কলকাতা পোর্টের ফ্রেট বা পণ্য সরাসরি নদীর ওপারে চলে যাবে। ফলে এক্সপ্রেসওয়েতে বড় গাড়ির চাপ একধাক্কায় অনেকটা কমবে।
- রো-রো সার্ভিস আসলে কী? এটি হলো একটি বৃহদাকার ভেসেল বা জাহাজের মাধ্যমে নদীপথে পণ্য পরিবহনের ব্যবস্থা। একটি ভেসেলে একসঙ্গে অন্তত ৮টি ট্রাক পারাপার করা সম্ভব। এর ফলে সড়কপথে ট্রাকের ভিড় অনেকটাই এড়ানো যায়।
- আসছে কলকাতা রিং রোড: শুধু জলপথ নয়, যানজট এড়াতে ‘কলকাতা রিং রোড’ তৈরির পরিকল্পনাও রয়েছে সরকারের। চার থেকে ছয় লেনের এই রিং রোড কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাকে যুক্ত করবে। এর ফলে পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার গাড়িগুলো শহরের ভেতরে না ঢুকেই বাইপাস হয়ে গন্তব্যে পৌঁছতে পারবে।
- হুগলি নদীতে নতুন সেতু: প্রাথমিক নকশা অনুযায়ী, এই রিং রোড কোনা এক্সপ্রেসওয়ে থেকে শুরু হয়ে পাঁচলা, বাউড়িয়া হয়ে এগোবে। বজবজের কাছে হুগলি নদীর ওপর একটি নতুন সেতু নির্মাণের প্রস্তাবও রয়েছে এই মেগা প্রজেক্টে।
দীর্ঘদিনের যানজটের সমস্যা মেটাতে রাজ্য সরকারের এই জোড়া উদ্যোগ সফল হলে, নিত্যযাত্রীদের সময় ও ভোগান্তি দুই-ই বাঁচবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।