‘ভয় পাচ্ছিলাম, জনতা সংসদে ঢুকে হামলা করবে!’ সিজেপি-র মিছিল নিয়ে চরম আতঙ্কে কঙ্গনা
July 22, 20267:09 am

নিট (NEET-UG) বিতর্কে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা ‘চলো সংসদ’ কর্মসূচি ঘিরে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছিল লোকসভার অন্দরে। খোদ বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut) জানালেন, বিক্ষোভকারীরা সংসদে ঢুকে হামলা চালাতে পারে বলে ভয় পাচ্ছিলেন তাঁরা।
কী দাবি কঙ্গনার?
- হামলার আশঙ্কা: সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে মাণ্ডির সাংসদ কঙ্গনা বলেন, “আমরা সব সাংসদ তখন লোকসভার ভিতরে ছিলাম এবং রীতিমতো ভয় পাচ্ছিলাম। মনে হচ্ছিল জনতা হয়তো ভিতরে ঢুকে আমাদের ওপর হামলা চালাবে।”
- দিল্লি পুলিশের প্রশংসা: ঢালের মতো সাংসদদের রক্ষা করার জন্য দিল্লি পুলিশের ভূয়সী প্রশংসা করেন এই তারকা সাংসদ।
কেন এই ‘চলো সংসদ’ অভিযান? নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২০ জুলাই ‘চলো সংসদ’ মিছিলের ডাক দেয় সিজেপি। দাবি করা হয়, প্রায় ৫০ হাজার সমর্থক এই মিছিলে পা মিলিয়েছিলেন। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়, ছোড়া হয় কাঁদানে গ্যাসও। ওই একই দিনে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ায় দিল্লির নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।
বৈঠকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর
- যুবসমাজের পাশে থাকার নির্দেশ: মঙ্গলবার এনডিএ-র বৈঠকের পর কঙ্গনা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত সাংসদকে যুবসমাজের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখার এবং তাঁদের সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন।
- নিট-কাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস: বিজেপি সাংসদ রবি কিষাণ জানান, নিট কাণ্ডে ধৃত ১৩ জন অভিযুক্তের যাতে সর্বোচ্চ শাস্তি হয়, তা নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে যাতে কেউ ছিনিমিনি খেলতে না পারে, তার জন্য সরকার সেরা আইনজীবীদের নিয়োগ করবে বলেও কড়া বার্তা দিয়েছেন নমো।