যা চান, করবেন! নারী নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’, অপরাধ দমনে পুলিশকে ‘ফ্রি হ্যান্ড’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

যা চান, করবেন! নারী নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’, অপরাধ দমনে পুলিশকে ‘ফ্রি হ্যান্ড’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

নারী ও শিশু নির্যাতন রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেট আলোচনার জবাবি ভাষণে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, নারী সুরক্ষার প্রশ্নে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে চলবে। এই নীতি বাস্তবায়িত করতে পুলিশকে সম্পূর্ণ ‘ফ্রি হ্যান্ড’ বা স্বাধীনভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর সাফ কথা, কোথাও কোনো অপরাধের ঘটনা ঘটলে ওপর মহলের নির্দেশের জন্য অপেক্ষা না করে পুলিশকে আইন অনুযায়ী অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে। আর এই কাজ করতে গিয়ে পুলিশ কোনো সমস্যায় পড়লে স্বয়ং মুখ্যমন্ত্রী তাদের সামনে ঢাল হয়ে দাঁড়াবেন।

এদিন বিধানসভায় দাঁড়িয়ে আগের তৃণমূল জমানার বিভিন্ন নারী নির্যাতনের ঘটনার প্রসঙ্গ টেনে পূর্ববর্তী সরকারের তীব্র সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। কামদুনি থেকে শুরু করে আরজি কর কাণ্ড— প্রতিটি ঘটনায় তৎকালীন প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি, বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুন মামলার তদন্ত এবং পুলিশের কঠোর পদক্ষেপের উদাহরণ দিয়ে বর্তমান সরকারের অবস্থান স্পষ্ট করেন। মুখ্যমন্ত্রী জানান, ক্ষমতা গ্রহণের পরেই আরজি কর মামলার ফাইল নতুন করে খুলে তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে এবং অভিযুক্তদের শাস্তির দ্রুত পথ প্রশস্ত করতে সিবিআই-কে দ্রুত এনওসি দেওয়া হয়েছে। নারী ও শিশুর সুরক্ষায় রাজ্য সরকার যে কোনো আপস করবে না, এ দিন সেই বার্তাটাই জোরালোভাবে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *