পুলিশের ভ্যান রুখে দাঁড়ালেন একা মডেল! রিয়ার সাহসিকতায় মুক্তি পেলেন নিট আন্দোলনকারীরা

পুলিশের ভ্যান রুখে দাঁড়ালেন একা মডেল! রিয়ার সাহসিকতায় মুক্তি পেলেন নিট আন্দোলনকারীরা

প্রতিবাদের মুখোমুখি যখন দাঁড়ায় সাহস, তখন এক লহমায় বদলে যেতে পারে ইতিহাস। মুম্বইয়ের রাস্তায় ঠিক তেমনই এক মুহূর্ত উপহার দিলেন ২৭ বছরের মডেল রিয়া আহির (Rhiya Ahir)। একটি পুলিশ ভ্যানের চাকা আটকে দিলেন, একাই রুখে দাঁড়ালেন। তাঁর এই অদম্য সাহস এখন খবরের শিরোনামে, আর রিয়া হয়ে উঠেছেন তরুণ প্রজন্মের নতুন অনুপ্রেরণা।

নিট (NEET) বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মুম্বইয়ে আন্দোলনে জড়ো হয়েছিলেন বহু ছাত্রছাত্রী। বিক্ষোভের একপর্যায়ে পুলিশ কয়েকজন আন্দোলনকারী পড়ুয়াকে আটক করে একটি ভ্যানে তোলে। গাড়িটি যখন তাদের নিয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই পথ আটকে দাঁড়ান রিয়া। সেই ভিডিও ব্যাপক ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়ে নেয়।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে রিয়া জানান, তিনি বন্ধুদের জন্য অপেক্ষা করার সময় দূর থেকে আন্দোলনকারীদের স্লোগান শুনছিলেন। এরপরই তিনি দেখতে পান, একটি পুলিশ ভ্যানে গাদাগাদি করে ছাত্রছাত্রীদের তোলা হয়েছে, এমনকি দরজার সিড়িতেও ঝুলছেন পুলিশকর্মীরা। ভ্যানের ভিতর থেকে ছাত্ররা বিচার চেয়ে চিৎকার করছিল।

রিয়া আর এক মুহূর্তও না ভেবে এগিয়ে যান এবং সোজা গিয়ে দাঁড়ান সেই চলন্ত পুলিশ ভানের সামনে। বোনেটে হাত দিয়ে আটকে দেন গাড়িটি। তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মীদের কাছে জানতে চান, তাঁদের কাছে আটক করা ছাত্রদের জন্য কোনও গ্রেফতারি পরোয়ানা আছে কি না। পুলিশকর্মীরা কোনও সঠিক জবাব দিতে পারেননি।

রিয়ার এই নিঃসংকোচ প্রতিরোধ দেখে আশেপাশের অনেক পথচারীও উৎসাহ পান এবং তাঁর সঙ্গে যোগ দেন। রিয়া ভ্যান আটকে দাঁড়িয়েই ‘ইনকিলাব জিন্দাবাদ’ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। তাঁর এই দৃঢ়তার কাছে শেষ পর্যন্ত নতিস্বীকার করতে বাধ্য হয় পুলিশ। মুম্বইয়ের দাদারের শিবাজী পার্ক এলাকায় ওই ভ্যানে থাকা সমস্ত আটক ছাত্রছাত্রীদের ছেড়ে দেওয়া হয়।

নিজের এই সাহসিকতার বিষয়ে রিয়া অত্যন্ত বিনীত। তিনি বলেন, “একজন সচেতন নাগরিক হিসেবে অন্যায়ের প্রতিবাদ করা আমার দায়িত্ব ছিল। আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি মাত্র।” ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে তিনি তরুণদের বার্তা দিয়ে বলেন যে, সবসময় সঙ্গে ক্যামেরা ফোন রাখা কতটা জরুরি, যাতে যেকোনও ঘটনার সঠিক প্রমাণ রাখা যায়।

একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে জানান, শিক্ষার্থীদের প্রতিবাদ দমন করা সরকারের মস্ত বড় ভুল। তিনি সরাসরি শিক্ষামন্ত্রীকে নিজের দায় স্বীকার করে ইস্তফা দেওয়ার আহ্বান জানান। এক লহমার সেই প্রতিবাদ আজ রিয়াকে শুধুই একজন মডেল হিসেবে নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক বলিষ্ঠ মুখ হিসেবে তুলে ধরেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *