‘ছাত্রেরা যুক্তির রাস্তায় হাঁটে’, NEET আন্দোলনকারীদের পাশে রূপম ও জিৎ

প্রশ্নপত্র ফাঁসকাণ্ড, শিক্ষাব্যবস্থার বেহাল দশা এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে বর্তমানে উত্তাল গোটা দেশ। এই বিতর্কের মধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তীব্রতর হচ্ছে আন্দোলন। রাজধানী দিল্লির যন্তর মন্তরে অনশনরত পরীক্ষার্থীদের সমর্থন জানাতে এবার আসরে নামলেন জনপ্রিয় গায়ক রূপম ইসলাম এবং টলিউড সুপারস্টার জিৎ।
সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট বার্তা দিয়ে অভিনেতা জিৎ লিখেছেন, এই লড়াই কেবল একটি পরীক্ষার নয়, এটি লক্ষ লক্ষ তরুণ-তরুণীর স্বপ্ন ও বিশ্বাসের লড়াই। একজন সাধারণ অভিভাবকের দায়িত্ববোধ থেকেই তিনি শিক্ষার্থীদের ন্যায়বিচারের পক্ষে সওয়াল করেছেন। জিতের মতে, যোগ্য শিক্ষার্থীরা একটি স্বচ্ছ ও নির্ভরযোগ্য ব্যবস্থা পাওয়ার অধিকারী। তবে এই আন্দোলন যাতে কোনও রাজনৈতিক ফায়দা তোলার মাধ্যম না হয়ে ওঠে, সে বিষয়েও তিনি সতর্কবার্তা দিয়েছেন।
জিতের পাশাপাশি ছাত্র সমাজের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট গায়ক রূপম ইসলামও। প্রায় আট বছর আগে দেশের ছাত্র আন্দোলন ও অন্যায়ের বিরুদ্ধে লেখা তাঁর ‘সংহতি জানাই’ গানটি বর্তমান পরিস্থিতিতে নতুন করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি।
গানের সেই পঙ্ক্তি— “ছাত্রেরা বাকস্বাধীনতা চায়, ওঁরা হাঁটে যুক্তির রাস্তায়/ সেই সড়কে অগাধ বিশ্বাস আমার, তাই সংহতি জানাই”— বর্তমান NEET আন্দোলনের প্রেক্ষাপটে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। একই সঙ্গে প্রশাসনের উদ্দেশ্যে তাঁর কড়া বার্তা, “তুমি লেঠেল পাঠালে প্রশাসক, তুমি বশ্যতা চাও বিরোধীর / জেনে নাও সবাই নয় স্তাবক, ওঁরা আগুন নতুন পংক্তির।” মানুষের স্বাধীনতা ও প্রতিবাদের এই বার্তা আন্দোলনকারীদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে।