‘এটা গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর মুখ খুললেন সোনম ওয়াংচুক

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নিজের প্রথম প্রতিক্রিয়ায় পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘এটা গণতন্ত্রের জয়। এটা শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের জয়। অভিনন্দন সিজেপি, জেন জ়ি এবং ভয় ঝেড়ে ফেরে দেশের প্রতিটি কোণা থেকে উঠে এসে আন্দোলনে যোগ দেওয়া নাগরিককে ধন্যবাদ। দায়বদ্ধতা থেকে এ বার যাত্রা সংস্কারের দিকে।’
উল্লেখ্য, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে যে আন্দোলন গড়ে উঠেছিল, তার অন্যতম মুখ ছিলেন এই সোনম ওয়াংচুক। তাঁর অনশন শুরুর পরেই আন্দোলন অভাবনীয় গতি লাভ করে। সরকারের ইতিবাচক পদক্ষেপের ফলে ২৬ দিন পর গত বৃহস্পতিবার গভীর রাতে অনশন প্রত্যাহার করেন তিনি।
শনিবার কেন্দ্রের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের আগেই নিট আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ধর্মেন্দ্রকে পদত্যাগ করতেই হবে এবং তা না হলে সরকারের সঙ্গে আলোচনার কোনো অর্থ হয় না। এর পরেই পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। এই প্রথম দফার দাবি সফল হওয়ার পর আন্দোলনকারীরা বাকি দুটি দাবিও সরকারের কাছে জোরালোভাবে পেশ করেছেন।
বাকি দাবিগুলি হলো:
- আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করা যাবে না।
- নিট প্রশ্নফাঁসকাণ্ডে পরীক্ষা বাতিলের জেরে যে সমস্ত পড়ুয়ারা আত্মহত্যা করেছেন, তাঁদের পরিবারকে ১ কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।
প্রায় এক মাস ধরে চলা এই আন্দোলনের অবসান ঘটাতে শুক্রবার ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র নেতৃত্বের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। কিন্তু দীর্ঘ আলোচনার পরও ধর্মেন্দ্রর ইস্তফার দাবিতে অনড় থাকেন সিজেপি প্রতিনিধিরা এবং শনিবার বিকেল পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। শেষ পর্যন্ত প্রবল চাপের মুখে সেই ডেডলাইনের মধ্যেই পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী। আজ কেন্দ্রের সঙ্গে সিজেপির বৈঠকে বাকি দুটি দাবি নিয়েও বিস্তারিত আলোচনার সম্ভাবনা রয়েছে।