‘বেঙ্গালুরু নিয়ে যাওয়ার চেষ্টা!’ পাচারকারীর হাত থেকে কোনোমতে পালিয়ে বাঁচল স্কুলছাত্রী, এখনও খোঁজ নেই দু’জনের

স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে ঘুরতে গিয়ে এক ভয়ঙ্কর বিপদের মুখে পড়ল বেলডাঙার তিন ছাত্রী। অভিযোগ, পাচারকারীদের খপ্পরে পড়ে তারা। তবে ভাগ্যের জোরে এক কিশোরী কোনোমতে শিয়ালদহ স্টেশনে ওই যুবকের নজর এড়িয়ে পালিয়ে বাঁচতে পারলেও, এখনও খোঁজ মেলেনি বাকি দুই ছাত্রীর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার সকালে স্কুল যাওয়ার নাম করেই বাড়ি ছাড়ে বেলডাঙার তিন ছাত্রী। কিন্তু স্কুলে না গিয়ে তারা ট্রেনে চেপে সোজা চলে যায় লালবাগে। অভিযোগ, সেখানকার মতিঝিল পার্কে ঘোরাঘুরির সময় এক অচেনা যুবক তাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলে এবং কলকাতায় ঘুরিয়ে দেখানোর লোভ দেখায়। যুবকের সেই প্রলোভনে পা দিয়েই তারা শিয়ালদহগামী ট্রেনে উঠে পড়ে।
শিয়ালদহ স্টেশনে আসল রূপ প্রকাশ
শিয়ালদহ স্টেশনে পৌঁছানোর পর ওই যুবক তাদের বেঙ্গালুরু পাচার করার ফন্দি আঁটে বলে অভিযোগ। বিষয়টি বুঝতে পেরে চরম আতঙ্কে পড়ে যায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। সুযোগ বুঝে সে ওই যুবকের নজর এড়িয়ে প্ল্যাটফর্মে উপস্থিত এক মহিলার কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে এবং সাহায্য চায়।
ভগবানগোলার কুলগাছির বাসিন্দা তার্জিনা বিবি নামের ওই মহিলা জানান, তিনি কলকাতায় ডাক্তার দেখিয়ে শুক্রবার রাতে বাড়ি ফেরার জন্য শিয়ালদহ স্টেশনে লালগোলা প্যাসেঞ্জারের অপেক্ষা করছিলেন। সেই সময়ই স্কুল ইউনিফর্ম পরা ওই কিশোরী তাঁর কাছে এসে সাহায্য প্রার্থনা করে। এরপর ওই মহিলা তাকে নিজের গ্রামের বাড়িতে নিয়ে যান এবং শনিবার সকালে ভগবানগোলা থানার পুলিশের হাতে নিরাপদে তুলে দেন।
এখনও নিখোঁজ দুই ছাত্রী
ভগবানগোলা থানা থেকে খবর পাঠানো হয় বেলডাঙা থানায়। পরে পরিবারের লোকজন গিয়ে ওই ছাত্রীকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরিয়ে আনেন। বেলডাঙা থানার পুলিশ জানিয়েছে, তিন ছাত্রীর পরিবারই এর মধ্যে পৃথকভাবে নিখোঁজ ডায়েরি করেছে। এক জনকে উদ্ধার করা সম্ভব হলেও অপর দুই ছাত্রী এবং অভিযুক্ত সেই যুবকের হদিশ পেতে জোরকদমে তল্লাশি ও তদন্ত চালাচ্ছে পুলিশ।