শক্তিশালী হচ্ছে নিম্নচাপ! সোমবারই তুমুল ঝড়বৃষ্টির অ্যালার্ট কোন কোন জেলায়? জেনে নিন লেটেস্ট আপডেট

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ। যার জেরে আজ, সোমবার রাজ্যজুড়ে ভারী ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বেশ কিছুদিন ধরেই রাজ্যে আবহাওয়ার মেজাজ ফুর্তিতে রয়েছে। ককটি কখনও ঝমঝমিয়ে বৃষ্টি তো কখনও আবার টিপটিপ বর্ষণ চলছে। এমন পরিস্থিতির মাঝেই আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে এবং শক্তিশালী হচ্ছে ঘূর্ণাবর্ত। যার জেরে সোমবার ভিজবে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা।
কেন এই দুর্যোগ?
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা প্রায় ৯.৪ কিলোমিটার উঁচুতে রয়েছে। এর প্রভাবেই একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে, যা আগামী এক-দুদিনের মধ্যে আরও স্পষ্ট রূপ নেবে। এছাড়া, রাজস্থান থেকে উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ড হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত একটি সক্রিয় মৌসুমী অক্ষরেখাও বিস্তৃত রয়েছে। এই জোড়া ফলায় সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভালোমতো বৃষ্টির আশঙ্কা রয়েছে।
কলকাতায় কেমন আবহাওয়া থাকবে?
হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্তের জেরে কলকাতায় ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে রাজ্যের রাজধানীতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় দুর্যোগ?
এই ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি, এই জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারের পর থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
উত্তরবঙ্গের জেলাগুলিতে নিয়মিত বৃষ্টির ধারা বজায় থাকবে। সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত জলপাইগুড়ি এবং কালিম্পঙে ভারী বৃষ্টি চলবে। অন্যদিকে, আলিপুরদুয়ার ও কোচবিহারে মঙ্গলবারের পর থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যদিও সেখানে কোনো বিশেষ সতর্কতা নেই।