দিল্লিতে আন্দোলনকারীদের ওপর পেলেট গান চালুর নির্দেশ দিয়েছিল ডিসিপি! বিস্ফোরক দাবি রিপোর্টে

দিল্লিতে আন্দোলনকারীদের ওপর পেলেট গান চালুর নির্দেশ দিয়েছিল ডিসিপি! বিস্ফোরক দাবি রিপোর্টে

দিল্লিতে নিট (NEET) আন্দোলনকারীদের সংসদ অভিযান রুখতে পেলেট গান বা ছররা বন্দুক ব্যবহার করা হয়নি বলে প্রথমে দাবি করেছিল দিল্লি পুলিশ। তবে সম্প্রতি পার্লামেন্ট স্ট্রিট থানায় দায়ের হওয়া একটি জেনারেল ডায়েরি (জিডি)-র নথি অনুযায়ী, দিল্লি পুলিশের এক ডিসিপি পদমর্যাদার অফিসারের নির্দেশেই র‌্যাপিড অ্যাকশন ফোর্স ছররা গুলি চালিয়েছিল বলে জানা গেছে। সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’-র একটি প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। যদিও এ বিষয়ে দিল্লি পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ২০ জুলাই সংসদ অভিযান চলাকালীন বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে এক ডিসিপি পদমর্যাদার অফিসারের নির্দেশেই এক ডেপুটি কমান্ড্যান্ট মোট ৫৫ রাউন্ড নন-ইলেকট্রিক্যাল শেল, ১৫ রাউন্ড ইলেকট্রিক্যাল শেল, ৫টি টিয়ার গ্যাসের সেল এবং প্লাস্টিক পেলেট ভর্তি ২টি অ্যান্টি-রায়ট গান থেকে গুলি চালিয়েছিলেন। রাত দেড়টা নাগাদ থানায় জমা পড়া ওই জিডি-র নথি হাতে পাওয়ার পরেই এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।

এদিকে, দিল্লিতে পেলেট বন্দুকের ব্যবহারে বেশ কয়েকজন আন্দোলনকারী গুরুতর জখম হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে ১৯ বছর বয়সি সাহিল লোচাব সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পেলেট বা ছররার আঘাতে তাঁর ডান চোখের মণি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাঁর দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা মাত্র ১ শতাংশ বলে জানিয়েছেন পরিবার ও চিকিৎসকরা। দিল্লি পুলিশ প্রথমে ছররা বন্দুক ব্যবহারের কথা অস্বীকার করলেও, সফদরজং হাসপাতালের রিপোর্ট সেই দাবিকে নস্যাৎ করে দেয়, যার ফলে এই বিতর্ক আরও তীব্র আকার ধারণ করেছে।

বর্তমানে এই বিষয়টি সুপ্রিম কোর্টেও গড়িয়েছে। অনিয়ন্ত্রিতভাবে ছররা বন্দুকের ব্যবহার নিষিদ্ধ করার আর্জি জানিয়ে এবং উপযুক্ত ক্ষতিপূরণ ও চিকিৎসার দাবি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন গোয়েন্দা সংস্থা আইবি-র অবসরপ্রাপ্ত কর্তা যশবর্ধন আজ়াদ এবং পেলেট হামলায় আক্রান্ত দুই ব্যক্তি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *