রাজ্যে শীঘ্রই ৫০ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

রাজ্যের সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলির পরিকাঠামোগত উন্নয়ন এবং দৈনন্দিন খরচ চালানোর জন্য প্রায় ৮০ হাজার স্কুলকে ২৯৩ কোটি টাকা ‘কম্পোজিট গ্রান্ট’ (Composite Grant) প্রদান করল রাজ্য সরকার। আজ নবান্নে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই অনুদান বিতরণ কর্মসূচির সূচনা করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে, চলতি অর্থবর্ষেই রাজ্যে ধাপে ধাপে প্রায় ৫০ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। শিক্ষক, প্রধান শিক্ষক থেকে শুরু করে লাইব্রেরিয়ান এবং অধ্যাপক-অধ্যাপিকা— সবক্ষেত্রেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করে জানান যে, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অবসান ঘটাতে এবার থেকে রাজনৈতিক নিয়োগ সম্পূর্ণ বন্ধ রাখা হবে এবং শিক্ষক-অধ্যাপক নিয়োগ কমিটিতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন না।
পাশাপাশি, মিড ডে মিল সংক্রান্ত বিষয়েও একটি বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী ১ আগস্ট থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহ করবে ইসকন (ISKCON)। এছাড়া, এসএইচজি (SHG) গ্রুপের মাধ্যমে পড়ুয়াদের পাতে নিয়মিত ডিমও পরিবেশন করা হবে।