বাসচালক থেকে ধনকুবের! বীরভূমে মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার ২৮ কোটি নগদ ও টন টন সোনা

বীরভূমের মহম্মদবাজারে এক সাদামাটা বাড়িতে তল্লাশি চালিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের! এককালের সাধারণ সরকারি বাসচালক মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হলো সাড়ে ২৮ কোটি টাকা নগদ এবং প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ১৫ কেজি সোনার বিস্কুট। আয়ের সঠিক উৎস দেখাতে না পারায় বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
কীভাবে মিলল এই গুপ্তধনের হদিশ? সম্প্রতি মহম্মদবাজারে একটি ডাকাতদল পুলিশের হাতে ধরা পড়ে। তাদের জেরা করেই পুলিশ জানতে পারে, স্থানীয় মিনার মণ্ডলের বাড়িতে বিপুল পরিমাণ সম্পত্তি লুকোনো রয়েছে এবং সেখানেই ডাকাতির ছক কষছিল তারা। এই তথ্যের ভিত্তিতেই মিনারের বাড়িতে পৌঁছায় পুলিশ। এরপর তল্লাশি শুরু হতেই বেরিয়ে আসে টাকার পাহাড় এবং কেজি কেজি সোনা। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই গোনাগুনি শেষ হয় বৃহস্পতিবার।
কে এই মিনার মণ্ডল? মিনার মণ্ডল পেশায় একসময় সরকারি বাসের চালক ছিলেন। বছর চারেক আগে তিনি চাকরি ছেড়ে তাঁর জামাইবাবু তথা বীরভূমের ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন। এই টুলু মণ্ডল আবার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। টুলুর পাথর ব্যবসার একটি ডিসিআর গেটের দেখভাল করতেন মিনার।
মিনারের ছেলের দাবি, এই বিপুল পরিমাণ টাকা ও সোনার বিস্কুট টুলু মণ্ডলই তাদের বাড়িতে লুকিয়ে রেখে গিয়েছিলেন। আপাতত পুলিশ মিনারের বাড়িটি সিল করে দিয়েছে এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা অন্যত্র আশ্রয় নিয়েছেন। কীভাবে একজন প্রাক্তন বাসচালকের কাছে এত বিপুল পরিমাণ সম্পত্তি এল, তা নিয়ে ঘনীভূত হয়েছে রহস্য।