অগাস্টের শুরুতেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা! কাদের আবেদন বাতিল হবে? জেনে নিন
রাজ্যে ক্ষমতায় এসেই মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে ‘অন্নপূর্ণা যোজনা’ চালু করেছে বর্তমান সরকার। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ১ কোটির বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক ৩ হাজার টাকা করে পৌঁছে গিয়েছে। অগাস্ট মাসের শুরুতেই আরও অনেক উপভোক্তার অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। তবে এবার নিয়মকানুন নিয়ে বেশ কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। নির্দিষ্ট শর্ত পূরণ না করলে অনেকেই এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।
চলছে কড়া নজরদারি ও যাচাই পর্ব বহু মহিলা ইতিমধ্যে টাকা পেলেও, অনেকের আবেদন এখনও ‘আন্ডার ইনকোয়ারি’ বা যাচাই পর্বে আটকে রয়েছে। শুধু তাই নয়, যাঁরা প্রথম দফার টাকা পেয়েছেন নিশ্চিন্তে থাকার উপায় নেই তাঁদেরও। কারণ, প্রশাসন নতুন করে উপভোক্তাদের নথিপত্র খতিয়ে দেখছে। নথিতে কোনওরকম অসংগতি বা খামতি থাকলে তাঁদের ডেকে পাঠানো হতে পারে। সব ডকুমেন্ট ঠিকঠাক প্রমাণিত হলে তবেই মিলবে অগাস্টের টাকা।
বার্ষিক আয় কত হলে টাকা পাবেন না? সরকারি নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, এই যোজনার সুবিধা পেতে হলে আবেদনকারীর গোটা পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে। অর্থাৎ, এখানে শুধু মহিলার নিজস্ব আয় নয়, বরং পরিবারের মোট আয় বিবেচনা করা হবে। পরিবারের আয় বছরে ১ লক্ষ টাকার বেশি হলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
কারা এই প্রকল্পের বাইরে থাকবেন? আয়ের সীমা ছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। যে সমস্ত পরিবারের:
- তিনটির বেশি পাকা ঘর রয়েছে।
- পরিবারের কোনও সদস্য সরকারি চাকরি করেন।
- কেউ সরকারি পেনশন পান।
- পরিবারের কেউ আয়কর (Income Tax) জমা দেন। তাঁরা অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন না।
অগাস্ট মাস শুরু হতে আর মাত্র একদিন বাকি। তাই কোনওরকম বিভ্রান্তি এড়াতে উপভোক্তাদের দ্রুত অনলাইনে নিজেদের অন্নপূর্ণা যোজনার স্টেটাস (Status) চেক করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। স্টেটাস দেখলেই স্পষ্ট হয়ে যাবে অগাস্টের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে কি না।