১ অগাস্ট থেকে পকেটে টান! এলপিজি থেকে মোবাইল-গাড়ি—বদলে যাচ্ছে ৫ বড় নিয়ম

১ অগাস্ট থেকে পকেটে টান! এলপিজি থেকে মোবাইল-গাড়ি—বদলে যাচ্ছে ৫ বড় নিয়ম

নতুন মাস শুরু হতেই দেশের একাধিক নিয়মে আসতে চলেছে বড়সড় পরিবর্তন, যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের পকেটে। ১ অগাস্ট ২০২৬ থেকে রান্নার গ্যাস, বিমান জ্বালানি, ট্রেনের তৎকাল টিকিট বুকিং সহ একাধিক ব্যাঙ্কিং পরিষেবায় বড় বদল ঘটতে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক এই ৫টি প্রধান পরিবর্তন:

১. এলপিজি (LPG) সিলিন্ডারের দাম:

প্রতি মাসের প্রথম দিনই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এলপিজি-র নতুন দর প্রকাশ করে। গত জুলাই মাসে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কিছুটা কমলেও, ১৪.২ কেজির গৃহস্থালি সিলিন্ডারের দাম অপরিবর্তিত ছিল। অগাস্টের প্রথম দিনে রান্নার গ্যাসের দামে নতুন কী পরিবর্তন আসে, সেদিকেই তাকিয়ে দেশবাসী।

২. এটিএফ (ATF) বা বিমান জ্বালানির দর:

১ অগাস্ট ঘোষিত হবে নতুন এটিএফ-এর দাম। বিমান জ্বালানির দাম বাড়া বা কমার ওপর নির্ভর করে বিমান ভাড়ার ওঠানামা। ফলে অগাস্টে আকাশপথে যাতায়াত মহার্ঘ হবে নাকি সস্তা, তা ঠিক হবে এই দাম পর্যালোচনার পরেই।

৩. রেলের তৎকাল টিকিট বুকিংয়ে বড় ছাড়:

সাধারণ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেলের তৎকাল টিকিট বুকিং ব্যবস্থায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে তৎকাল টিকিটের জন্য আগের দিন বা অনেক আগে থেকে টোকেন সংগ্রহ করতে হতো। নতুন নিয়ম অনুযায়ী, টিকিট বুকিং শুরুর ঠিক সময়েই দেওয়া হবে টোকেন, যার ফলে জালিয়াতি কমবে এবং সাধারণ মানুষ সহজেই টিকিট কাটতে পারবেন।

৪. নিত্যপ্রয়োজনীয় পণ্য, ইলেকট্রনিক্স ও গাড়ির দাম বৃদ্ধি:

অগাস্ট থেকে সাধারণ গৃহস্থালির খরচ বাড়তে চলেছে। এফএমসিজি (FMCG) পণ্য যেমন চা, সাবান ও চুলের তেলের দাম প্রায় ৬ থেকে ৮ শতাংশ বৃদ্ধি পেতে পারে। এছাড়া টিভি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের দাম ৪ থেকে ৬ শতাংশ পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। মেমোরি চিপের মূল্যবৃদ্ধির কারণে দামি হতে পারে স্মার্টফোনও। পাশাপিশি বেশ কিছু গাড়ি প্রস্তুতকারক সংস্থাও গাড়ির দাম বাড়াতে পারে।

৫. ব্যাঙ্কিং পরিষেবার ফি বদল:

১ অগাস্ট থেকে বেশ কিছু ব্যাঙ্ক সার্ভিস চার্জে পরিবর্তন আনছে। উদাহরণস্বরূপ, ‘উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক’ তাদের ফ্রি এসএমএস সীমা পার হয়ে গেলে প্রতি অতিরিক্ত মেসেজের জন্য ৩০ পয়সা করে চার্জ ধার্য করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *