‘সেবাশ্রয়’ স্ক্যামের বড় পদক্ষেপ: বিনা অনুমতিতে USG মেশিন সরাতেই রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স বাতিল!

দক্ষিণ ২৪ পরগনা: ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরের নাম করে চলা ব্যাপক দুর্নীতি ও গাফিলতির তদন্তে এবার কড়া ব্যবস্থা নিল জেলা প্রশাসন। নিয়ম ভেঙে অনুমতি ছাড়া USG (আল্ট্রাসাউন্ড) মেশিন স্থানান্তরিত করার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ‘জীবন আরোগ্য’ নামে একটি নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।

জেলা প্রশাসনের জারি করা নির্দেশে জানানো হয়েছে, গত ২৩ জুলাই DIMC-র একটি প্রতিনিধি দল নার্সিংহোমটিতে পরিদর্শনে গিয়ে দেখে, নির্দিষ্ট কামরায় নির্ধারিত USG মেশিনটি নেই। সরকারি নিয়ম লঙ্ঘনের এই মারাত্মক অপরাধের কারণেই সঙ্গে সঙ্গে এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়।

অন্যদিকে, ফলতার সেবাশ্রয়-২ ক্যাম্পে দেখা গিয়েছে চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি। রোগীদের স্বাস্থ্য পরীক্ষা এবং হাজার হাজার টেস্ট করার পরও রিপোর্ট দেওয়া হয়নি বলে ভুরি ভুরি অভিযোগ উঠেছে। সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, ক্যাম্পের ল্যাবের মেঝেতে পড়ে রয়েছে রোগীদের একাধিক রিপোর্ট— যার একটিতেও কোনো চিকিৎসকের স্বাক্ষর নেই।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি হাসপাতালের পরিকাঠামো এবং ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের নাম ব্যবহার করে এই শিবির চালানো হলেও আদতে চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ নিয়ে বড়সড় দুর্নীতি করা হয়েছে। রক্ত বা ইউরিন স্যাম্পল জমা দেওয়ার পর বহু রোগী সেই রিপোর্ট হাতে পাননি। এমনকি শিবিরের মেয়াদ শেষ হয়ে গেলেও সাধারণ মানুষের মেডিক্যাল হিস্ট্রি ও রিপোর্ট এভাবেই অবহেলায় পড়ে থাকতে দেখা গেছে, যা মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলারই নামান্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *