দিনমজুর থেকে দেড়শো কোটির বিয়ে! ‘পাথরসম্রাট’ টুলুর সাথে সখ্যতা নিয়ে বিস্ফোরক অনুব্রত, দিলেন আইনি হুঁশিয়ারি

দিনমজুর থেকে দেড়শো কোটির বিয়ে! ‘পাথরসম্রাট’ টুলুর সাথে সখ্যতা নিয়ে বিস্ফোরক অনুব্রত, দিলেন আইনি হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বীরভূমের কুখ্যাত ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলকে কেন্দ্র করে এখন উত্তাল রাজ্য রাজনীতি। পুলিশের টানা তল্লাশি এবং তাঁর বিপুল সম্পত্তির উন্মোচনের পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি প্রশ্ন— বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে ঠিক কতটা ঘনিষ্ঠ ছিলেন এই টুলু মণ্ডল? সম্প্রতি এই বিতর্ক নিয়েই তীব্র প্রতিক্রিয়া জানালেন অনুব্রত (কেষ্ট) মণ্ডল। স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর নাম অহেতুক জড়ানো হলে তিনি কাউকেই ছাড়বেন না, মানহানির মামলা করবেন।

কে এই টুলু মণ্ডল? দিনমজুর থেকে কীভাবে দেড়শো কোটির সাম্রাজ্য? একসময়ের সাধারণ পাথরখাদানের দিনমজুর টুলু মণ্ডল লরিতে পাথর বোঝাই করার কাজ থেকে নিজের ব্যবসা শুরু করেন। ২০১০ সালে প্রথম একটি পুরানো লরি কিনে পাথর সরবরাহের ব্যবসা নামেন। এরপর ২০১৬ সাল থেকে তাঁর ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। দেখতে দেখতে কয়েকশো কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে ওঠেন তিনি। ২০২৪ সালের ডিসেম্বরে নিজের একমাত্র মেয়ের বিয়েতে প্রায় ১৫০ কোটি টাকা খরচ করে গোটা দেশকে চমকে দিয়েছিলেন টুলু। দুবরাজপুরের কাছে ১০০ একর জমি জুড়ে বিলাসবহুল প্যান্ডেল বানিয়ে টানা ৭ দিন ধরে চলেছিল জমকালো অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন বলিউড ও টলিউডের একাধিক খ্যাতনামা তারকা।

ম্যানেজারের বাড়িতে সোনা ও নগদ টাকার খনি! সম্প্রতি পুলিশ টুলু মণ্ডলের শ্যালক তথা ব্যবসায়িক ম্যানেজার মিনার মণ্ডলের মহম্মদবাজারের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে নগদ সাড়ে ২৮ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা উদ্ধার করে পুলিশ। অবাক করার বিষয় হলো, মিনার মণ্ডল একসময় সরকারি বাসের ড্রাইভার ছিলেন এবং চার বছর আগে স্বেচ্ছাবসর নেন। একজন প্রাক্তন বাস ড্রাইভারের বাড়িতে কীভাবে এত বিপুল সম্পত্তি এল, তা নিয়ে স্তম্ভিত তদন্তকারীরা।

অনুব্রতর তিহাড় জেলের আইনি খরচ কি দিয়েছিলেন টুলু? বীরভূম জেলার রাজনৈতিক অলিন্দে গুঞ্জন, অনুব্রত মণ্ডল যখন গরু ও কয়লা পাচার মামলায় তিহাড় জেলে বন্দি ছিলেন, তখন নাকি তাঁর সমস্ত আইনি লড়াইয়ের বিপুল খরচ বহন করেছিলেন এই টুলু মণ্ডলই। তবে পুলিশ এবং তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বিষয়টির তদন্ত চলছে এবং এখনও পর্যন্ত এটি শুধুই জল্পনার পর্যায়ে রয়েছে।

বিতর্ক ও অনুব্রতর বিস্ফোরক মন্তব্য: টুলুর সঙ্গে নাম জড়ানো নিয়ে অনুব্রত মণ্ডল সংবাদমাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “ওর সঙ্গে আমার নাম যারা জড়াচ্ছে, তারা সম্পূর্ণ ভুল করছে। টুলু মণ্ডলকে গোটা বীরভূমের মানুষ চেনে। ওর সবার সঙ্গেই মেলামেশা আছে। মেয়ের বিয়েতে ও সবাইকে নেমন্তন্ন করেছিল, বহু সাংবাদিকও গিয়েছিলেন। এর সাথে রাজনীতির যোগ খোঁজা ভুল। যারা আমার নামে অপপ্রচার চালাচ্ছে, আমি তাদের বিরুদ্ধে মানহানির মামলা করব, কাউকেই ছাড়ব না।”

একই সাথে প্রশাসনিক ব্যবস্থার প্রশংসা করে অনুব্রত বলেন, “রাজ্য সরকার খুব ভাল কাজ করছে, পুলিশও নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করছে।”

পুলিশ সূত্রে খবর, সাধারণ মানুষের টাকা মেরে এবং সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে তোলাবাজি ও ভয় দেখিয়ে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন এই ‘পাথর মাফিয়া’। পুরো বিষয়টি নিয়ে এখন আইনানুগ তদন্ত চালাচ্ছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *