ভদ্রেশ্বরে লাইনে বেলাইন মালগাড়ির ইঞ্জিন! স্তব্ধ হাওড়া-বর্ধমান মেন সেকশন, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ভদ্রেশ্বর: সপ্তাহের শেষেই হাওড়া-বর্ধমান মেন সেকশনে বড়সর বিপত্তি। শুক্রবার সকালে ভদ্রেশ্বর স্টেশনের কাছে একটি খালি মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত (Derail) হয়ে ব্যাহত হলো রেল পরিষেবা। এর জেরে ব্যস্ত সময়ে চূড়ান্ত ভোগান্তির শিকার হলেন আপ লাইনের অজস্র নিত্যযাত্রী।
রেল ও শেওড়াফুলি জিআরপি (GRP) সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ হাওড়া থেকে ব্যান্ডেলগামী একটি খালি মালগাড়ি ভদ্রেশ্বর স্টেশনের কাছাকাছি পৌঁছায়। রিভার্স লাইন থেকে মেন লাইনে ওঠার সময়েই আচমকা বিকট শব্দে গাড়িটির ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে। হঠাৎ এই দুর্ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়ালেও, ট্রেনটিতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি। মালগাড়ির চালক ও সহকারী চালক উভয়েই সুরক্ষিত আছেন।
তবে এই দুর্ঘটনার ধাক্কায় হাওড়া-বর্ধমান মেন সেকশনের আপ ও রিভার্স লাইনে ট্রেন চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। ব্যান্ডেল, বর্ধমান ও কাটোয়াগামী একাধিক লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ায় চরম সমস্যায় পড়েন অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আপ ও রিভার্স লাইন বন্ধ থাকায় পরিস্থিতি সামাল দিতে শুধুমাত্র ডাউন লাইন দিয়ে ধীরগতিতে দু’দিকের ট্রেন পারাপার করানো হচ্ছে। ফলে প্রতিটি ট্রেনই নির্দিষ্ট সময়ের চেয়ে অনেকটা দেরিতে চলছে।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান রেলের পদস্থ আধিকারিক ও জিআরপি জওয়ানরা। লাইন দ্রুত সচল করতে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করা হয়েছে। ইঞ্জিনটিকে সরিয়ে লাইনে তোলার জন্য দুটি শক্তিশালী ‘অ্যাক্সিডেন্ট রিলিপ ট্রাফিক’ (ART) ক্রেন আনা হয়েছে।
রেল কর্তৃপক্ষের আশা, দ্রুত কাজ শেষ করে পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হবে। তবে রেলের যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।