মোদীকে নিয়ে ডিপফেক বিতর্ক: হায়দরাবাদে Meta India প্রধানের বিরুদ্ধে FIR

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুয়ো ও বিকৃত (ডিপফেক) ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে কঠোর পদক্ষেপ নিল হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশ। এই ঘটনায় Meta India-র প্রধানসহ বেশ কয়েকটি ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের দাবি, মেটার প্ল্যাটফর্ম ব্যবহার করে মোদীর বক্তব্য বিকৃত করা একাধিক AI ভিডিয়ো সম্প্রতি ভাইরাল করা হয়। ইচ্ছাকৃতভাবে জনমতকে প্রভাবিত করা এবং সামাজিক অস্থিরতা তৈরির উদ্দেশ্যেই এই বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো হয়েছে বলে মনে করছে তদন্তকারীরা। ভুয়ো ভিডিয়ো তৈরি ও প্রচারকারীদের পাশাপাশি মেটার মতো প্ল্যাটফর্মগুলো এই কনটেন্ট থামাতে কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীর একটি সেলফি-ভিডিয়ো প্রযুক্তিগত ত্রুটির অজুহাতে সরিয়ে নেওয়ার ঘটনায় কেন্দ্র ও মেটার মধ্যে টানাপোড়েন তৈরি হয়। পরে তথ্যপ্রযুক্তি মন্ত্রক মেটার শীর্ষকর্তাদের তলব করলে মেটা এই ভুলের জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করে। তবে কেন্দ্রের প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) ইতোমধ্যেই মোদীকে নিয়ে তৈরি এই ধরনের একাধিক AI ভিডিয়োকে ‘ভুয়ো’ চিহ্নিত করে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেছে।
বিশেষজ্ঞদের মতে, এআই ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার বর্তমান সময়ে দেশের গণতান্ত্রিক পরিবেশ এবং সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এই ঘটনার পর এখন মেটার কনটেন্ট ফিল্টারিং ব্যবস্থা ও আইনি দায়বদ্ধতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল।