মিড ডে মিলে ডিমের পর এবার মাছও? বিরোধীদের জবাব দিয়ে বড় বার্তা মন্ত্রী নিশীথ প্রামাণিকের

মিড ডে মিলে ডিমের পর এবার মাছও? বিরোধীদের জবাব দিয়ে বড় বার্তা মন্ত্রী নিশীথ প্রামাণিকের

বিজেপি ক্ষমতায় এলে ডিম-মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে—গত বিধানসভা নির্বাচনে তৃণমূল, সিপিএম ও কংগ্রেসের এমন প্রচারকে স্রেফ ‘অপপ্রচার’ বলে উড়িয়ে দিয়েছে শাসক শিবির। ৪ মে-র পর রাজ্যে ডিম বা মাছ খাওয়া বন্ধ হওয়া তো দূরের কথা, বরং ‘মা আহার’ (প্রাক্তন মা ক্যান্টিন)-এ ডিম-ভাতের পাশাপাশি শুরু হয়েছে মাছ দেওয়া।

এবার সেই একই পথ ধরে মিড ডে মিলেও বদল আসতে চলেছে। ডিমের পাশাপাশি স্কুলেও পড়ুয়াদের পাতে মাছ তুলে দেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার।

শনিবার (১ আগস্ট) থেকে কলকাতা পুরসভার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব নিচ্ছে ইসকন। ইসকনের নিরামিষ খাবারের পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে ডিম—এমনটা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার ডিমের পর মাছ যুক্ত করা যায় কিনা, তা নিয়েও ভাবনাচিন্তা শুরু হয়েছে।

এই প্রসঙ্গে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, “মিড ডে মিলে ডিম দেওয়ার কথা জানিয়ে অত্যন্ত ভালো সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বামপন্থী ও বিরোধীরা পুষ্টির অভাব নিয়ে যে কথা বলছিলেন, এই সিদ্ধান্তে তাঁদের মুখ বন্ধ হবে। শুধু ডিম কেন, প্রয়োজনে আগামীতে মাছও দেওয়া হবে। যেখানেই পুষ্টিকর খাবারের প্রয়োজন মনে হবে, সরকার সিদ্ধান্ত নেবে।”

তবে কবে থেকে এই মাছ দেওয়া চালু হবে কিংবা কারা সেই মাছ রান্না করবে, সে বিষয়ে মন্ত্রী বিস্তারিত কিছু জানাননি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *