কালীঘাটে জল্পনা তুঙ্গে: ভোটের পর থেকেই দূরত্ব বাড়াচ্ছেন শশী পাঁজা! কুণাল ঘোষের বিস্ফোরক দাবি!

কালীঘাটে জল্পনা তুঙ্গে: ভোটের পর থেকেই দূরত্ব বাড়াচ্ছেন শশী পাঁজা! কুণাল ঘোষের বিস্ফোরক দাবি!

বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর প্রায় দুই মাস কেটে গেলেও রাজ্য রাজনীতিতে জল্পনার পারদ নামছে না। এবার চর্চার কেন্দ্রবিন্দুতে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী ও শ্যামপুকুর কেন্দ্রের তিন বারের বিধায়ক শশী পাঁজা। ভোটে হারার পর থেকেই কালীঘাট তথা দলের সাথে তিনি দূরত্ব বজায় রাখছেন বলে বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

কুণাল ঘোষের বিস্ফোরক দাবি

কুণাল ঘোষ জানান, ভোটের পর থেকে শশী পাঁজাকে দলের কোনো কর্মসূচিতেই সেভাবে দেখা যায়নি। এমনকী তাঁর নিজের বাড়িতে বিজেপি হামলা চালানোর পর যে সমস্ত তৃণমূল কর্মী গ্রেপ্তার হয়েছিলেন, তাঁদের পাশে দাঁড়াতে থানা বা হাসপাতালেও শশী পাঁজাকে দেখা যায়নি। কুণাল জানান, তিনি নিজে ফোন করার পর শশী বিদেশে থাকার কথা বলেছিলেন এবং ফিরে এসে যোগাযোগের আশ্বাস দিলেও আর যোগাযোগ করেননি।

কাকলি ঘোষ দস্তিদারের সাথে গোপন বৈঠক!

জল্পনার আগুনে ঘি ঢেলেছে সম্প্রতি তৃণমূলের বিদ্রোহী প্রাক্তন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ফার্টিলিটি ক্লিনিকে শশী পাঁজার উপস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের কাছেই এই ক্লিনিকে দু’জনের মধ্যে প্রায় ২ ঘণ্টা বৈঠক হয়। যদিও শশী পাঁজা একে ‘সৌজন্যমূলক’ বলে এড়িয়ে গেছেন, তবে রাজনৈতিক মহলে দলবদলের গুঞ্জন তীব্র হয়েছে।

আগুনেই ঘি ঢালল সোশাল মিডিয়া পোস্ট

কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার সোশাল মিডিয়ায় এক বিস্ফোরক পোস্টে লেখেন—শশী পাঁজা খুব শীঘ্রই তৃণমূল ছাড়তে চলেছেন! যদিও পরে পোস্টটি মুছে ফেলা হয়, ততক্ষণে জল্পনা আরও তুঙ্গে ওঠে। অবশ্য এই বিষয়ে শশী পাঁজা নিজে এখনও পর্যন্ত মুখ খোলেননি।

কালীঘাটে নতুন আশঙ্কা

শ্যামপুকুর কেন্দ্রে বিজেপির পূর্ণিমা চক্রবর্তীর কাছে ১৪,৬৩৩ ভোটে হেরে যাওয়ার পর থেকেই জনসমক্ষে সেভাবে আসছেন না শশী। উল্লেখ্য, ভোটে হারের পর অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো একাধিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে কালীঘাটের দূরত্বের খবর সামনে এসেছিল। এবার সেই তালিকায় শশী পাঁজার নাম যুক্ত হওয়া এবং একের পর এক বিধায়ক-সাংসদের দল ছাড়ার পর, শশীকে নিয়ে নতুন করে উদ্বেগে জোড়াফুল শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *