ডেউচায় সাড়ে ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা উদ্ধার, পুলিশের জালে বেপাত্তা টুলুর প্রধান ম্যানেজার!

বীরভূম: বীরভূমের প্রভাবশালী পাথর ব্যবসায়ী তথা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ অনুগামী টুলু মণ্ডলের সাম্রাজ্যে পুলিশের জালে ধরা পড়ল আরও এক বড় মাথার। রবিবার মধ্যরাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে টুলুর ব্যবসার প্রধান ম্যানেজার সীতেশ প্রামাণিককে গ্রেফতার করেছে বীরভূম জেলা পুলিশ। সোমবারই তাঁকে সিউড়ি আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।
সম্প্রতি মহম্মদবাজারের ডেউচা গ্রামে টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ ২৮.৫ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা উদ্ধার করে পুলিশ, যার পরেই মিনারকে গ্রেফতার করা হয়। এর পর শিলিগুড়ি সীমান্ত দিয়ে নেপাল পালানোর সময় পাকড়াও করা হয় টুলুর ভাগ্নে শেখ ওয়াসিমকে। ম্যানেজার সীতেশকে ধরে এই মামলায় মোট ৩ জন গ্রেফতার হলো।
তবে মূল অভিযুক্ত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল এখনও অধরা। সূত্রের খবর, গত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তিনি গা-ঢাকা দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও নগদ মিলিয়ে ১৮৬ কোটি টাকারও বেশি সম্পদের হদিস মিলেছে। সরকারি রাজস্ব ফাঁকি, তোলাবাজি নাকি জমি দখল—কীভাবে এই ‘টাকার পাহাড়’ তৈরি হলো, তা খতিয়ে দেখতে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ৪০৯ ও ১১১ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে এবং ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে এই বিপুল কালো টাকার আসল উৎস খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ।